মেয়েদের ব্যাডমিন্টনে নেই বিমান!
গতবার পুরুষ-মহিলা দুই বিভাগের চ্যাম্পিয়ন তারা। অথচ এবার অটো মিউজিয়াম প্রথম বিভাগ ব্যাডমিন্টনে মেয়েদের বিভাগে দলই গড়েনি দীর্ঘদিন ধরে ব্যাডমিন্টনে বড় নাম বাংলাদেশ বিমান! বিমানের মতো দলের সরে যাওয়া ব্যাডমিন্টন অঙ্গনে অশনিসংকেতই।ছেলেদের বিভাগে দল গড়েছে বিমান। কিন্তু মহিলা বিভাগে কেন গড়ল না? দলটির ম্যানেজার নূর ইসলাম খেলোয়াড় স্বল্পতাকেই দায়ী করছেন, ‘আমাদের ইচ্ছা ছিল, ছেলেদের মতো মেয়েদের বিভাগে দল গড়তে। কিন্তু ভালো মানের খেলোয়াড় না পাওয়ায় আমরা মেয়েদের দল গড়তে পারিনি।’এই কর্মকর্তার দাবি, ‘আমরা সব সময় দল গড়ি চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য। কিন্তু নারায়ণগঞ্জের নিট কনসার্ন এবার সব ভালো খেলোয়াড় চড়া দামে কিনে নিয়েছে। ওদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে। এ অবস্থায় আমরা দল গড়ে সাফল্য না পেলে লাভ কী? তাই দলই গড়িনি আমরা।’ তবে ব্যাডমিন্টন অঙ্গনে গুঞ্জন, অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এবার মহিলা দল গড়েনি বিমান। নূর ইসলাম অবশ্য এটিকে আমলেই নিলেন না, ‘এসব শুধুই গুজব।’পুরুষ বিভাগে বিমান ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তিন ম্যাচে এখনো কোনো পয়েন্ট হারায়নি। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল বিমান ৩-২ সেটে হারিয়েছে গুলশান স্পোর্টিং ক্লাবকে। এদিন দেওয়ান টেক্সটাইল ব্যাডমিন্টন ক্লাব ৫-০ সেটে প্যাসিফিক অ্যাসোসিয়েটসকে, নিট কনসার্ন ৪-১ সেটে মাহা স্পোর্টিং ক্লাবকে, সূর্যতরুণ ৪-১ সেটে আহ্বান ব্যাডমিন্টন ক্লাবকে হারিয়েছে। পুরুষ এককে নিট কনসার্নের এনায়েত ২-০ সেটে জিতেছেন গুলশানের অনিকের বিপক্ষে। মহিলা দলগত খেলায় নিট কনসার্ন ৩-০ সেটে প্যাসিফিক অ্যাসোসিয়েটসকে, দেওয়ান টেক্সটাইল ৩-১ সেটে সূর্যতরুণ ক্লাবকে হারিয়েছে।