মেয়েদের হকির উৎসবমুখর শুরু
চোখে অনেক পাওয়ারের চশমা। মাথার সব চুল সাদা। পুরান ঢাকার তারা মসজিদ এলাকা থেকে খেলা দেখতে এসেছেন ষাটোর্ধ্ব মমতাজ বেগম। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে ভাইঝি ইমা আক্তারের খেলা দেখছিলেন গভীর মনোযোগে। ইউসিবি ডেভেলপমেন্ট কাপ প্রথম মহিলা হকির উদ্বোধনী দিনে খেলোয়াড়দের অভিভাবকদের সঙ্গে গ্যালারি ভরিয়ে তুলেছিল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।কাল প্রথম দিনে নড়াইল ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে মিরপুর নাহার একাডেমিকে। অন্য ম্যাচে আনন্দময়ী উচ্চবিদ্যালয়কে ৮-০ গোলে হারিয়ে তাদের আনন্দ মুছে দিয়েছে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়। নড়াইলের মেয়েরা খেলেছে একচেটিয়া। হ্যাটট্রিকসহ ৭ গোল করেছে শম্পা বিশ্বাস। কিমি, আঁখি, তসলিমা, শম্পা দাস ও নিপা করেছে ১টি করে গোল। দিনাজপুর মিউনিসিপ্যালের সেলিনা করেছে সর্বোচ্চ ৬টি গোল। শাবনুর ২টি, আঁখি, রিমু ও জবা গোল করেছে ১টি করে।অনেক মেয়েই আগে কখনো স্টিক হাতে তোলেনি। বেশির ভাগ দল মাত্র এক সপ্তাহের অনুশীলনে মাঠে নেমেছে। খেলায় একেবারেই নবিশ। স্টিকওয়ার্ক, বল নিয়ে দৌড়াদৌড়ি—কিছুটা হাসির খোরাক জুগিয়েছে স্টেডিয়ামের হাজার খানেক দর্শককে। বলের পেছনে কখনো সবাই একসঙ্গে দৌড়েছে। আবার কখনো আম্পায়ার বাঁশি দিলেও সেটা না শুনেই বলের পেছনে ছুটছে। আম্পায়ারদের তখন খেলোয়াড়দের ডেকে বুঝিয়ে দিতে হয়েছে কেন থামানো হচ্ছে। তবে মেয়েরা যে হকিস্টিক হাতে নিয়ে দৌড়াচ্ছে এটাকেই অনেক বড় ব্যাপার বলে মনে করছেন নড়াইলের কোচ ওয়াজেদ চৌধুরী, ‘অনেক দিন পর হলেও ফেডারেশনের এই উদ্যোগ প্রশংসাযোগ্য। তবে খেলাটা নিয়মিত মাঠে রাখতে হবে। মেয়েরা হকি খেলবে শুনে এলাকায় অনেকেই হাসি-ঠাট্টা করেছে। আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। চ্যাম্পিয়ন হয়েই জবাবটা দিতে চাই।’