মেয়েদের হকির প্রথম শিরোপা নড়াইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের প্রখর রোদের মধ্যে ফাইনাল খেলতে নামল দুটি দল। দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলের মেয়েরা তুলনামূলক খর্ব গড়নের হওয়ায় পেরে উঠল না। এ সুযোগে নড়াইলের মেয়েরা গোল-উৎসব করে (৬-১) জিতে নিয়েছে ইউসিবি প্রথম মহিলা হকির শিরোপা। ছয় দলের ছয় দিনের টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি গোল করেছে চ্যাম্পিয়ন দলের শম্পা বিশ্বাস। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে সে। নড়াইলের রূপগঞ্জ মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্রী কাল ফাইনালে করেছে দুই গোল। প্রথম ম্যাচেই সে করেছিল ৭ গোল। ফাইনালে নড়াইয়ের হয়ে তিন গোল করেছে কিমি কর্মকার। দিনাজপুরের মেয়েরা হারটা সহজে মানতে পারেনি। ফাইনাল শেষে তারা কান্নাকাটি করেছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। অন্যদিকে নড়াইলের মেয়েদের মধ্যে ছিল বাঁধভাঙা আনন্দ।সেই আনন্দের মধ্যেই শম্পা বলল, ‘হকিতে জাতীয় দল গঠন করা হলে আমি খেলতে চাই। নড়াইল থেকে সাত-আটজন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাবে।’ কিমি কর্মকারেরও একই কথা। এ প্রতিযোগিতা শুরুর আগে হকি ফেডারেশন জানিয়েছিল, সবকিছু ভালোভাবে চললে জাতীয় হকি দল গঠনের পরিকল্পনা থাকবে তাদের। তবে পরিকল্পনাটা একটু দূরের বলেই মনে হচ্ছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী বলছেন, ‘মেয়েদের আগ্রহ থাকলেও জাতীয় দল করতে সময় লাগবে।’গা পোড়ানো গরমেও প্রথম প্রতিযোগিতায় ভালোই খেলেছে মেয়েরা। তবে তাদের ‘পাওয়ার’ ছিল না, হিট করে খেলেছে কম। খেলেছে শুধু পুশের ওপর। পেনাল্টি কর্নার, লং কর্নার...এখনো সেভাবে এদের আয়ত্তে আসেনি। তবে ফেডারেশন আশাবাদী, খেলতে খেলতে এরা শিখে যাবে।