মেয়ের ক্যানসার থেকেই প্রেরণা নিয়েছেন বাবা
ক্রিকেট কি জীবনের চেয়ে বড় কিছু? জীবনের গতিপথে ক্রিকেট এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ মাত্র। তবে ক্ষুদ্র হোক আর যা-ই হোক, জীবনের সঙ্গে ক্রিকেট জড়িয়ে আছে অবধারিত উপায়ে। ক্রিকেটের সঙ্গে জীবনের এই মিশেলের অন্যতম বড় নজির হতে পারেন ব্র্যাড হাডিন। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ১১৮ রানের ইনিংসটির নেপথ্যে আছে একটি শিশুর ক্যানসারের সঙ্গে লড়াই। বাবা হয়ে মেয়ের যে লড়াইয়ের সাক্ষী হাডিন ব্যক্তিগত জীবনে হয়েছেন, সেটিকেই প্রেরণা বানিয়েছেন তিনি নিজের খেলোয়াড়ি জীবনে।
একরাশ কষ্ট বুকে চেপে হাডিন খেলে যাচ্ছেন ক্রিকেট। গত বছর মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় তিনি দেশ থেকে তাঁর শিশুকন্যার ক্যানসারের খবর পেয়েছিলেন। দেশে ফিরে মেয়ের লড়াইয়ের সঙ্গী হয়েছিলেন। ক্রিকেট তখন তাঁর কাছে খুব সামান্যই এক ব্যাপার। বুঝতে পারলেন, ক্রিকেট জীবনের চেয়ে বড় কিছু নয়। এক বছর ক্রিকেটের বাইরেই থেকে গেলেন। এবার ফিরে তিনি সম্পূর্ণ পরিবর্তিত এক মানুষ। মেয়ের লড়াইকেই তিনি বানিয়েছেন নিজের বদলে যাওয়া সত্ত্বার অনুপ্রেরণা।
অ্যাডিলেডের সেঞ্চুরিটিকেও তিনি উত্সর্গ করেছেন মেয়েকে।
বড় কঠিন সময় ছিল ওটা। সিডনির হাসপাতালে মেয়ের শয্যার পাশে কেটেছে হাডিনের বিনিদ্র রাত। স্ত্রী কারিনার কষ্টটা যেন আরও বেশি ছিল। কিন্তু ছোট্ট শিশুটির কষ্ট তাঁদের ভুলিয়ে দিত আর সবকিছু। বড় দুই সন্তান জ্যাক আর হুগোকে যেন তাঁরা ভুলেই গিয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত শিশুকন্যা মিআর সেবায় বাকি সবকিছুই যেন তাঁদের কাছে ছিল বড় তুচ্ছ।
মেয়ে সুস্থ হয়ে না উঠলে হাডিন হয়তো ক্রিকেটেই ফিরতেন না। হাডিন বলেছেন, ‘এটা আমাকে বুঝতে শিখিয়েছে, ক্রিকেট শুধুই একটা খেলা।’ তাই এক বছর পর তাঁর ক্রিকেটে ফেরা, অ্যাশেজ সিরিজে সেঞ্চুরি হাঁকানো—সবকিছুর নেপথ্যেই আছে ওই ছোট্ট শিশুটি, মিআ।
মিআই তাঁকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ক্রিকেট জীবনের চেয়ে বড় কিছু নয়।
ব্রিসবেনে তাঁর খেলা দেখতে এসেছিল পুরো পরিবার। কিন্তু অ্যাডিলেডে ছিল না কেউ। আর তখনই সেঞ্চুরি। এই সেঞ্চুরি ব্রিসবেনে করলেই কি ভালো হতো? হাডিন কিন্তু বলছেন, অ্যাডিলেডে সবাই থাকলে সেঞ্চুরির পর তিনি হয়তো কান্নায় ভেঙে পড়তেন, ‘আমি বেশ ভাগ্যবান যে সেঞ্চুরিটা ব্রিসবেনে হয়নি, যেখানে আমার সব বাচ্চাই খেলা দেখতে এসেছিল। ভেবে স্বস্তি পাচ্ছি সেঞ্চুরিটা এখানে করার সময় কেউ ছিল না।’
বাবারা যে গোপনে কাঁদে, যে কান্নার খবর কেউ জানে না! এএনআই।