মেয়ের ছোঁয়ায় বদলে যাওয়া স্যামুয়েলস
রুবেলকে ফ্লিক করেই ছুটলেন এক রানের জন্য। মাঝ উইকেটেই ছোট্ট একটা লাফ, উঁচিয়ে ধরলেন ব্যাট। কিন্তু চিরচেনা গাম্ভীর্যে মারলন স্যামুয়েলস যখন ডাবল সেঞ্চুরি উদ্যাপন করছেন নিজের মতো করে, ডিওনা আর দিমিত্রি তখন কী করছিল!কিংস্টনে তখন রাত পৌনে দুইটা। এই সিরিজের খেলাগুলো ওয়েস্ট ইন্ডিজেও দেখা যাচ্ছে। কিন্তু ছয় ও দুই বছর বয়সী দুই শিশু নিশ্চয়ই রাত জেগে এই খেলা দেখবে না! ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি নিজের দুই সন্তানকে উৎসর্গ করেছেন স্যামুয়েলস, সকালে ঘুম ভেঙে তারা এটা জানলেও কোনো ভাবান্তর কি হবে? ক্রিকেট, ডাবল সেঞ্চুরি বা উৎসর্গ—এসবের মহিমা বোঝার বয়সই তো হয়নি! ঘুম ভেঙে হয়তো প্রতিদিনের মতোই বাড়িময় খুঁজে বেড়াবে প্রিয় বাবাকে। না পেয়ে আরও একটি দিন শুরু হবে কান্নাভেজা চোখে। ডিওনা হয়তো বাড়ির লনে অভিমানের কথা শোনাবে বাবার প্রিয় তিন পোষা কুকুর স্যামসন, সিম্বা ও শেবাকে! ‘দিস ইনিংস ইজ ফর দ্য কিডস। ওরা আমাকে অনেক মিস করে। বিশেষ করে মেয়েটা, ছয় বছরের ডিওনা’—স্যামুয়েলসের রুক্ষ, কঠিন চেহারায় এই প্রথম যেন বৃষ্টি নামল। ‘এক মুহূর্ত স্থির থাকে না মেয়েটা, সারাক্ষণ কথা বলে। কিচ্ছু করতে দেয় না আমাকে, সব সময় সঙ্গে লেগে থাকে। মেয়ের জন্যই আমার মানসিকতা বদলে গেছে।’ ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনিংসটা সন্তানদের উৎসর্গ করার যোগসূত্র খুঁজে পাওয়া যায় শেষ বাক্যটিতেই। সন্তানদের নানা কীর্তি উৎসর্গ করা ক্রীড়া তারকাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু স্যামুয়েলসের এই ‘উৎসর্গপত্র’ তার পরও অন্য রকম। তাঁর ক্যারিয়ারটাই তো অন্য রকম!অনেক সম্ভাবনা নিয়ে এসেও হারিয়ে যাওয়া, ম্যাচ পাতানোর জালে পা দেওয়ার অভিযোগ, নিষিদ্ধ হওয়া, আন্তর্জাতিক ক্রিকেটে হারিয়ে যাওয়া তিনটি বছর—এসব প্রায় সবারই জানা। জীবনের ইনিংসে সেই ভয়াবহ বিপর্যয়, হতাশার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করার অনুপ্রেরণা স্যামুয়েলস খুঁজে পেয়েছিলেন পরিবারের মাঝে। বাবাপাগল চঞ্চল মেয়েটার দিকে তাকিয়ে মনে হয়েছে, আবারও বাঁচতে হবে বাঁচার মতো। ধুলোয় লুটানো সম্মান, খ্যাতি আবার ফিরে পেতে হবে। দেড় বছর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে লড়াইয়ে প্রাথমিক জয়। সেই লড়াইয়ের চূড়ান্ত জয় ঘোষণা যেন ২৬০ রানের ইনিংসটায়।সব মিলিয়ে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৫০.৬৪ গড়ে চার সেঞ্চুরিতে দলের সর্বোচ্চ ১৪১৮ রান। পরিবারের অনুপ্রেরণায় কঠোর পরিশ্রম করাই ‘যুদ্ধ’ জয়ের কারণ স্যামুয়েলসের কাছে, ‘যখন এমন একটি পরিবার, বাচ্চারা থাকে, জীবনকে তখন অনেক বেশি মূল্য দিতে হয়। কঠোর পরিশ্রম করতে হয়। জীবনে শৃঙ্খলা আনতে হয়। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ, ফিট রাখা। যে কঠোর পরিশ্রম আমি করেছি, সেটারই ফল পাচ্ছি এখন।’হারানো বছরগুলোর হতাশায় মুষড়ে পড়েননি। নিজের ভেতরে জেদ জাগিয়ে তুলেছেন, প্রতিজ্ঞা করেছেন হারানো সময়টা পুষিয়ে দেওয়ার। কাল ট্রিপল সেঞ্চুরিটা হাতছাড়া হওয়ায় অবশ্য খানিকটা হতাশ। তবে পরক্ষণেই বেরিয়ে পড়ে এখনকার স্যামুয়েলস, যে ভীষণ ইতিবাচক, ‘তিন শ করতে না পারা অবশ্যই হতাশাজনক, তবে ডাবলও বড় একটা মাইলফলক। এই প্রাপ্তির আনন্দটাকে পুরোপুরি উপভোগ করতে চাই।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বলেছিলেন, এ বছর পাঁচটি টেস্ট সেঞ্চুরি চাই তাঁর। আগে ছিল দুটি, বাংলাদেশে প্রয়োজন ছিল তিনটি সেঞ্চুরি। ঢাকায় পারেননি, খুলনায় রান ২৬০ করলেও সেঞ্চুরি তো একটিই! স্যামুয়েলস একটা সমাধান বের করে ফেলেছেন, ‘ডাবল সেঞ্চুরিটাকেই দুটি সেঞ্চুরি ভাবতে পারেন!’স্যামুয়েলসের ক্যারিয়ারের মতো এই ইনিংসটারও যেন অনেকগুলো ধাপ। কখনো পেয়েছে গতি, থমকে দাঁড়িয়েছে কখনো। সেঞ্চুরি ছুঁয়েছেন ২২৭ বলে, পরের সেঞ্চুরি ছুঁতে লাগল মাত্র ১০২ বল! কাল প্রথম সেশনেই ১৪ চারে ৮১ বলে ৮২ করেছেন। ডাবল সেঞ্চুরির পর আবার শম্বুকগতি, পরের ৬০ করতেই লাগল ১২৬ বল! উইকেটের ধরনের সঙ্গে মানিয়ে, বাংলাদেশের বোলারদের বোলিং ও পরিকল্পনা বুঝে বিভিন্ন সময় ভিন্নভাবে এগিয়ে নিয়েছেন নিজের ইনিংসটাকে। স্টিভ ওয়াহর কাছ থেকে পাওয়া লাল রুমালের টুকরো একসময় ছিল তাঁর সৌভাগ্যের প্রতীক। ওটাকে এখন বাড়িতে সাজিয়ে রেখেছেন কাচের বাক্সে। এখন সৌভাগ্য খুঁজে পান হলুদ একটা স্কার্ফে, ব্যাটিংয়ের সময় যেটা জড়িয়ে রাখেন গলায়। তবে নিজের ভাগ্য তো তিনি নিজেই গড়েছেন! তিন শ করার ভাবনা নিয়ে তাঁর কথাটা শুনুন, ‘ওই সময় আউট না হলে নতুন বলের জন্য অপেক্ষা করতাম। স্পিনাররা ওই শক্ত বলে বোলিংয়ে এলেই সারা বিকেল ধরে সমানে ছয় মেরে যেতাম।’মজা হিসেবে নিতে পারেন, কিংবা ঔদ্ধত্য। কিন্তু সবকিছুর আগে চোখে পড়বে আত্মবিশ্বাসের স্ফটিক!