মেয়ের স্মরণে দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করতে কেমন লাগে? উত্তরটা এত দিন জানা ছিল না কোনো অস্ট্রেলীয় আম্পায়ারের। কালই প্রথম বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করলেন কোনো অস্ট্রেলীয় আম্পায়ার! সেই ‘রেকর্ড’ গড়লেন সাইমন টফেল। স্বাভাবিকভাবেই টানা পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার টফেলের ওপর কাল চোখ ছিল অনেকের। তবে নজর কেড়েছেন গত দুবারের বর্ষসেরা আলিম দারও। কালও মাঠে নামার সময় দার প্রথমে আকাশের দিকে তাকিয়েছেন, এর পর একটা হাত রেখেছেন হূদয়ের ওপর। তার পর ছুঁয়েছেন মাঠ।মাঠে নামার সময় দার এমন ভঙ্গি করে আসছেন অনেক দিন ধরেই। সেটি তিনি করেন তাঁর প্রয়াত মেয়ের স্মরণে। ২০০৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করার সময় দারের ছোট্ট মেয়ে মারা যায়। মাঠে নামার সময় মনে মনে একটা বাক্যও আওড়ান দার, ‘আমরা মাটি থেকে এসেছি, এর পর আবার মাটিতেই মিশে যাব।’ফাইনালের মহারণ, মহা উত্তেজনা; জিতলে যেন বিশ্বজয়, হারলে শেষ হয়ে যাওয়া পৃথিবীর সবকিছুই—এরই ভিড়ে দার যেন মনে করিয়ে দেন, মহাকালের কাছে শেষ পর্যন্ত এ সবই গৌণ। শেষ পর্যন্ত ক্রিকেট একটা খেলাই আর বেশি কিছু নয়। শেষ পর্যন্ত যেমন মানুষ নশ্বর!