মেয়েরা আনল আরেকটি পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্বেচ্ছাসেবী খাতা-কলম নিয়ে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগেই হন্তদন্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। এশিয়ান গেমসের অফিসিয়াল ওয়েবসাইটের জন্য বাংলাদেশ কাবাডি দলের মেয়েদের প্রতিক্রিয়া নেওয়া চাই।এশিয়াডে মেয়েদের কাবাডিতে এই মাত্র অন্তত ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ইংরেজি না-জানা এই মেয়েদের হয়ে কে দোভাষীর কাজ করবেন, এমন চিন্তায় ছুটোছুটি ওই স্বেচ্ছাসেবীর।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৮-১৯ পয়েন্টে জিতে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। দুজন সাংবাদিক ছাড়া বাংলাদেশ আড়াই শ সদস্যের বিশাল বহরের আর কেউ ‘কষ্ট’ করে যাননি এই ম্যাচ দেখতে! দুই সাংবাদিককেই তাই নামতে হলো দোভাষীর ভূমিকায়।এর আগে মেয়েদের ক্রিকেট থেকে রুপা জিতেছে বাংলাদেশ। কাবাডির মেয়েরা অন্তত ব্রোঞ্জের নিশ্চয়তা দিল। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই ব্রোঞ্জ পাবে। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারাতে পারলে অন্তত রুপা। শক্তিশালী ইরানকে হারিয়ে দেওয়া থাইল্যান্ডের বিপক্ষে জেতা অবশ্য কঠিনই হবে।ভারতের কাছে ৩৪-২০ পয়েন্টে হারের পর নেপালের বিপক্ষে ওয়াকওভার পাওয়ায় কোরিয়ার বিপক্ষে ম্যাচটিই বাংলাদেশের কাছে পদকের ম্যাচ হয়ে উঠেছিল। কর্তাদের অনুপস্থিতিতে ঢাকঢোল নিয়ে মেয়েদের সমর্থন জোগাল ছেলেদের কাবাডি দল। কাল মালয়েশিয়াকে ৪৮-৩৮ পয়েন্টে হারিয়েছে ছেলেরা। আজ খেলা পাকিস্তানের বিপক্ষে। পুরুষ কাবাডিতে এবারই সম্ভবত প্রথম পদক আসছে না। ছেলেদের ব্যর্থতা কিছুটা হলেও ঢেকে দিয়েছে মেয়েরা।সেই উচ্ছ্বাসে অধিনায়ক শাহনাজ পারভীন (মালেকা) বললেন, ‘আমরা টেকনিক্যালি কোরিয়ার চেয়ে ভালো। ওদের হারিয়ে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করতে পেরে খুবই খুশি লাগছে।’ বিশাল জিমনেসিয়ামের ভেতরে হইচইয়ের মধ্যে তাঁর মুখ থেকে কথা কেড়ে নিচ্ছিলেন সতীর্থ বেবি ফারহানা, জুনি চাকমা, কাজী শাহীন, রুপালী আক্তার, ফাতেমা আক্তাররা, ‘আমাদের পরিশ্রম কিছুটা সার্থক হয়েছে।’কোচ আবদুল হাকিমও উচ্ছ্বসিত, ‘কোরিয়াকে হারানোর জন্য গত দুই দিন আমরা পরিকল্পনা করে গেছি। রাতে ঠিকমতো ঘুমও হয়নি।’এশিয়াডে এবারই প্রথম একাধিক পদক জিতছে বাংলাদেশ। ১৯৯০ থেকে শুরু করে গত ৫টি গেমসে পুরুষ কাবাডি দল তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে। এর বাইরে ১৯৮৬ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন।এক পদকের বৃত্ত ভাঙার দিনে নানা পদবিধারী কর্মকর্তারা ব্যস্ত রইলেন কেনাকাটায়। বিদেশ সফরে এটাই যেন তাঁদের মূল কাজ!হকিতে হার: কাল চীনের কাছে ৪-১ গোলে হেরেছে হকি দল। ৩-০ হওয়ার পর ব্যবধান কমান কামরুজ্জামান রানা। সপ্তম স্থানের জন্য আগামীকাল বাংলাদেশ খেলবে ওমানের সঙ্গে। ম্যাচ শেষে কোচ পিটার গেরহার্ড সাংবাদিকদের বলেছেন, ‘খেলোয়াড় তৈরি হচ্ছে না। ফেডারেশন ঘুমায়। তাই এমন দুরবস্থা।’ওদিকে মালয়েশিয়ার কাছে ৪-৩ গোলে হেরে ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। ১-১ স্কোরলাইনের পর কোরিয়াকে সাডেন ডেথে হারিয়ে ফাইনালের আরেক দল পাকিস্তান।