মেয়েরা মাঠে নামছে আজ
ছেলেদের যেদিন বিশ্রাম, সেদিনই মাঠে নামছে মেয়েরা। আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শুরু হয়েছে সপ্তাহ খানেক আগে। তবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার মেয়েদের। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে অন্যতম ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ।দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, ২০০৯-এর শিরোপাজয়ী ইংল্যান্ড ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে দুবারের রানার্সআপ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ পর্বের খেলাগুলো হচ্ছে গলে। তবে সেমিফাইনাল-ফাইনাল ছেলেদের সঙ্গে হবে একই দিনে ও একই মাঠে। বরাবরের ফেবারিট ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে শিরোপার দৌড়ে থাকবে এবার ওয়েস্ট ইন্ডিজও। তবে কন্ডিশনের কারণে ভারতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ওয়েবসাইট।