মেয়েরা যখন ফুটবল মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট হূদি এখনো বোঝে না ফুটবল কী জিনিস। শুধু দেখে একটা বল নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে। এই দৌড়াদৌড়ি দেখতেই কাল বিকেলে সে স্কুলের আপুদের সঙ্গে হাজির ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সামারফিল্ড আন্তর্জাতিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দৃষ্টি কাড়ল উপস্থিত প্রায় পাঁচ শ স্কুলছাত্রী-শিক্ষক-অভিভাবকের। জার্সি, শটস, জুতা পরে পুরোদস্তুর ফুটবলার সেজেছে সে!মেয়েদের তৃতীয় ঢাকা মহানগর স্কুল ফুটবলে খেলতে এ রকম অনেকেই এল, যারা ফুটবল শব্দটাই হয়তো ঠিকমতো বলতে পারছে না। ‘ম্যারাডোনার নাম শুনেছ’ জিজ্ঞেস করলে অপলক তাকিয়ে থাকে। ‘মেসির নাম জানো?’ দুদিকে মাথা ঝাঁকিয়ে ধানমন্ডি গার্লস স্কুলের মিষ্টি বলল, ‘না ভাইয়া, এই নাম তো আমি কখনো শুনিনি!’অনেকে অবশ্য শুধু শোনেইনি, বিশ্ব ফুটবলের খোঁজখবরও রাখে তারা। ১৯ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাল গ্রীন হেরাল্ড স্কুলকে ২-০ গোলে হারানো গতবারের চ্যাম্পিয়ন উইলসন স্কুলের মেয়েরা যেমন এক ধাপ এগিয়ে। দলের দুটি গোলই করা লম্বা লিকলিকে ‘ইউরোপিয়ান বাঙালি’ মাইশার পছন্দ ফার্নান্দো তোরেস। আসন্ন বিশ্বকাপে তার প্রত্যাশা, ‘স্পেন যেন চ্যাম্পিয়ন হয়!’বাংলাদেশের একটা ক্লাবের নাম বলতে বলায় এদের কেউ কেউ বিরাট ভাবনায় পড়ে গেল! কাউকে কাউকে আবাহনী-মোহামেডান নাম দুটি বলার পর হয়তো বলল, ‘হ্যাঁ, হ্যাঁ, ‘আবাহানী..মাহমেডান...।’তবে ইউরোপিয়ান ফুটবল এদের অনেকেই দেখে বলে জানাল। উইলসন স্কুলের অধিনায়ক টিয়ানা তো ঝটপট বলে দিল, ‘...হুম আমার প্রিয় দল আর্সেনাল।’ফুটবল খেলা যে কঠিন, অনেক দৌড়াদৌড়ি করতে হয় সেটা মাঠে নেমে বুঝতে পেরেছে এই মেয়েরা। তবে ক্লান্তি বা বিরক্তি নেই কারও। উইলসনের নিকিতার ফুটবল খেলার প্রতিক্রিয়া, ‘ফুটবল খেলতে খুবই ভালো লাগে। দারুণ খেলা!’বাংলাদেশের কোনো ফুটবলারের নাম বলতে পারবে কি না—জানতে চাইলে ৯ জনের মুখেই দেখা গেল লাজুক হাসি। একজন বলল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির আর ছাইদ হাসান কাননের নাম। পারারই কথা, সে যে সাবেক তারকা সাব্বিরেরই মেয়ে! গ্রীন হেরাল্ড স্কুলের ছাত্রী সৈয়দা ইউনাইসা ওয়ালির কথা, ‘আমার আব্বু আর কানন চাচ্চু...এ দেশের দুজন ফুটবলার ছিলেন। আব্বু সব সময় গল্প করেন ফুটবল নিয়ে।’ পড়ন্ত বেলায় সাব্বিরের ছেলে তখন বোনের পাশে দাঁড়িয়ে মুগ্ধ স্রোতা। এর মধ্যেই ভিকারুন নিসার মীমের কথাটা কানে লাগল। ‘মেসি নয়, এখন রোনালদোই সেরা খেলোয়াড়!’ তার বিশ্বাস, ‘এবার ব্রাজিলই জিতবে বিশ্বকাপ।’ একই স্কুলের ফারিয়ার পছন্দও রোনালদো ও ব্রাজিল। ফারিয়া বলল, ‘মীমের পছন্দই আমার পছন্দ। বিকজ উই আর ফ্রেন্ড!’স্কুলের মেয়েদের অনেকের কাছে ফুটবলটা আসলে এমনই!