মেয়েরাই আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহি​েক আজ ভারোত্তোলন
হামিদুল ইসলাম
হামিদুল ইসলাম

পেছনে লাল-সবুজ পতাকা। গলায় সোনার পদক। হাতে একগুচ্ছ ফুল। মুখে সোনালি হাসি। ১ ফেব্রুয়ারি, ২০১০—দিনটিকে কখনোই ভুলতে পারবেন না হামিদুল ইসলাম। এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশের ভারোত্তোলনের জন্য সে এক ঐতিহাসিক মুহূর্ত। ২৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান গেমসের ভারোত্তোলনে সোনা জিতল বাংলাদেশ।
আরেকটি এসএ গেমস দুয়ারে। সেই সাফল্যের পুনরাবৃত্তি কি হবে? হামিদুলের কণ্ঠে আত্মবিশ্বাসের অনুরণন, ‘আমাদের অনুশীলন ভালো হচ্ছে। ফিট থাকলে আশা করি এবারও সোনা জিততে পারব।’
১০ জন পুরুষ ও ৭ জন মহিলা ভারোত্তোলককে নিয়ে বনানী আর্মি স্টেডিয়ামে আগস্টে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। স্থানীয় কোচের অধীনে পুরোদমে চলছে অনুশীলন। তবু প্রস্তুতিতে ‘ঘাটতি’ দেখছেন ১৯ বারের জাতীয় চ্যাম্পিয়ন হামিদুল, ‘বিদেশি কোচ পেলে আরেকটু ভালো হতো। আমাদের অনুশীলনও গতবারের চেয়ে অনেক কম হয়েছে।’
১৯৮৯ ইসলামাবাদ গেমসের ভারোত্তোলনে পদক জেতেনি বাংলাদেশ। ১৯৯৩ ঢাকা গেমসে ভারোত্তোলনই ছিল না। বাকি সব আসরেই পদক জিতেছেন বাংলাদেশের পুরুষ ভারোত্তোলকেরা। এবারই প্রথম গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে মেয়েদের ভারোত্তোলনও। বাংলাদেশের জন্য এটি সুখবরই। কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঝেমধ্যেই পদক নিয়ে এসেছেন বাংলাদেশের মেয়েরা।
মোল্লা সাবিরা, ফাহিমা আক্তার ময়নাদের পথ ধরে উঠে এসেছেন বেশ কিছু উদীয়মান ভারোত্তোলক। এঁদের মধ্যে গত কয়েক বছর আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত আলো ছড়াচ্ছেন জহুরা আক্তার রেশমা, মাবিয়া আক্তার সীমান্ত। এই তো গত বছর ভারতে কমনওয়েলথ ভারোত্তোলনে সোনা জেতেন সীমান্ত। তিন বছর আগে মালয়েশিয়ায় কমনওয়েলথ ভারোত্তোলনে যুব বিভাগে রুপা জেতেন রেশমা। গত বছর কাতারে যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে যুব বিভাগে রুপা ও জুনিয়র বিভাগেও ব্রোঞ্জ জয়ের পাশাপাশি ভারতে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন যুব ও জুনিয়র বিভাগে। আশার আলো জ্বালা মেয়েদের ভারোত্তোলন দলের অপূর্ণতা একটাই—দেশের অন্যতম সেরা ভারোত্তোলক সেরা ফাহিমা আক্তার ময়নার অনুপস্থিতি। খেলায় আপাতত বিরতি দিয়ে সদ্যোজাত সন্তানকেই সময় দিচ্ছেন আনসারের এই ভারোত্তোলক।
প্রথমবার এসএ গেমসে খেলবেন বলে অন্যদের চেয়ে একটু বেশিই রোমাঞ্চিত রেশমা, ‘এর আগে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি। কিন্তু এসএ গেমসে প্রথম খেলব ভেবেই বেশি আনন্দিত। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলাম ভারতে, এবার ভালো কিছু করার চেষ্টা করব।’ ভালো করতে চান দেশসেরা নারী ভারোত্তোলক মোল্লা সাবিরাও, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ গত বছর ভারতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারতের ভারোত্তোলককে হারিয়ে সোনা জেতেন সীমান্ত। তাঁর আত্মবিশ্বাসটা তাই একটু বেশিই, ‘ভারতে গিয়ে ওদের খেলোয়াড়কে হারিয়েছি, তখনই ওরা একটু অবাক হয়েছিল। আমার আত্মবিশ্বাস এতে বেড়ে গেছে।’
গতবারের পদকজয়ীদের মধ্যে হামিদুল ক্যাম্পে থাকলেও রুপাজয়ী মনোরঞ্জন রায়কে পাচ্ছে না বাংলাদেশ। সেনাবাহিনীর এই ভারোত্তোলক জাতিসংঘ মিশনে এখন আইভরিকোস্টে। বাজে ফর্ম আরেক রুপাজয়ী একরামুল হককে দল থেকে ছিটকে দিয়েছে। আছেন ব্রোঞ্জজয়ী ফিরোজ মাহমুদ। আরেক ব্রোঞ্জজয়ী বিদ্যুৎ কুমার রায় অবসরে। তবে দলে থাকছেন কোচ হিসেবে।
অনুশীলন চলছে পুরোদমে। আশার বেলুন উড়ছে আকাশে।
ভারোত্তোলনে বাংলাদেশের পদক
সোনা: ১
রুপা: ৬
ব্রোঞ্জ: ১৮