মো-বোল্ট দ্বৈরথ ৬০০ মিটারে!

বর্তমানে তাঁরা বিশ্বের সবচেয়ে আলোচিত দুই দৌড়বিদ। তবে মঞ্চ আলাদা। একজন সর্বকালের দ্রুততম মানব। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক। অলিম্পিকের ‘ডাবল’ ট্রেবলজয়ী। অন্যজন দূরপাল্লার দৌড়বিদ। ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছেন ১০ হাজার ও ৫ হাজার মিটারে। কিন্তু যদি এমন হয়, নিজেদের মঞ্চ ছেড়ে উসাইন বোল্ট ও মো ফারাহ নেমে পড়লেন একই ট্র্যাকে! কে জিতবেন?
কল্পনার এই দৃশ্যটা কিন্তু বাস্তবেও দেখতে পারেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বের দ্রুততম মানব বোল্টকে চ্যালেঞ্জ জানিয়েছেন মো ফারাহ। সোমালিয়ায় জন্ম নেওয়া ব্রিটিশ অ্যাথলেটের চ্যালেঞ্জটা বাসি হতে দেননি বোল্ট, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন। মো ফারাহর পক্ষে যেমন ১০০ বা ২০০ মিটারে বোল্টের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, তেমননি বোল্টের পক্ষেও ৫ হাজার বা ১০ হাজারে মিটারে দৌড়ানো অসম্ভব।
ফারাহও তাই ৬০০ বা ৮০০ মিটারের একটা সীমানা চিহ্নিত করে বলেছেন, ‘এটা দারুণ হবে, যদি দর্শক, অ্যাথলেটিকসের খাঁটি সমর্থকেরা ভোট দিয়ে নির্ধারণ করে দেয়, দূরত্বটা ঠিক কত হলে সর্বোত্তম হবে।’ স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টকে উদ্দেশ করে মো ফারাহ বলেছেন, ‘তুমি কি দৌড়াতে প্রস্তুত? তোমার এটা করে দেখানো উচিত। চলো আমরা নামি।’ জবাবে বোল্ট বলেছেন, ‘এটা তো হবে খুবই মজার।’

মো ফারাহ চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁদের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল গড়ার লক্ষ্যে! ‘তার দাতব্য প্রতিষ্ঠান আছে। আমারও মো ফারাহ ফাউন্ডেশন আছে’—বলেছেন ফারাহ। বয়সে ব্যবধান থাকলেও দুজন খুবই ভালো বন্ধু। দুজনের এজেন্টও অভিন্ন ব্যক্তি। ২০১২ লন্ডন অলিম্পিকের পর একে অন্যের উদ্যাপন ভঙ্গি নকল করে দেখিয়েছেন। বোল্ট এর আগেও লন্ডন অলিম্পিকের ১০০ মিটারে দৌড়ানো জুতা জোড়া দিয়ে সাহায্য করেছেন মো ফারাহ ফাউন্ডেশনকে। এবারও উদ্দেশ্যটা দাতব্য বলেই জ্যামাইকান বজ্রবিদ্যুৎ চ্যালেঞ্জটা নিচ্ছেন, ‘এটা হবে খুবই কঠিন। তবে যেহেতু প্রদর্শনী, কাজেই এটা হবে খুবই মজার এবং উপভোগ্য।’ তবে বোল্ট ১৫০০ মিটারে দৌড়াতে রাজি নন, ‘এটা একটু বেশি দূরত্বই হয়ে যায়। আমি ৬০০ মিটারে দৌড়াতে পারি, কারণ অনুশীলনে আমি ৬০০ মিটারে দৌড়াই, কিন্তু ১৫০০ মিটারে কখনোই নয়।’
এর আগে বোল্টকে ৪০০ মিটারে দৌড়ানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন লন্ডন অলিম্পিকে ৮০০ মিটারে রেকর্ড গড়ে সোনা জেতা কেনিয়ান ডেভিড রুডিশাও। কিন্তু বোল্ট রাজি হননি। রয়টার্স ও ওয়েবসাইট।