মোদি জানেন অনেক কিছুই
আইপিএলের সঙ্গে এখন আর কোনো সংশ্লিষ্টতা নেই তাঁর। ভারত থেকেও রয়েছেন অনেক দূরে, লন্ডনে। কিন্তু তাতে কী, ললিত মোদির কাছে আইপিএলের সব খবরই পৌঁছায়! সেই গোপন সূত্র থেকে পাওয়া খবরেই আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে নতুন করে বোমা ফাটালেন মোদি। চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই নাকি যোগাযোগ আছে জুয়াড়িদের। এমনকি এক জুয়াড়ির কাছ থেকে নাকি মুম্বাই আর দিল্লিতে বিলাসবহুল ফ্ল্যাটও উপহার পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।কে সেই জুয়াড়ি, সে পরিচয় অবশ্য দেননি সাবেক আইপিএল কমিশনার। তবে টুইটারে তিনি জানিয়েছেন, সেই জুয়াড়ি আবাসন ব্যবসার সঙ্গে জড়িত এক ধনকুবের এবং গুরুনাথ মায়াপ্পনসহ আরও অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে যোগাযোগ আছে তাঁর। গোপন সূত্র থেকে পাওয়া খবরের শতভাগ সত্যতা নিশ্চিত করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মোদি, ‘প্রায় ২০ কোটি রুপি লেনদেন হয়েছে। এ ঘটনায় একজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ আরও ৩ জন জড়িত। একজনকে গত সপ্তাহে একটা নৈশক্লাব থেকে আটকও করেছে পুলিশ।’ ওয়েবসাইট। শেষ পর্যন্ত টুইটারে সেই জুয়াড়ির নাম প্রকাশ না করলেও আইসিসির তদন্ত কমিটি চাইলে তাদের কাছে নাম বলতে আপত্তি নেই মোদির।