মোদির বিরুদ্ধে আট অভিযোগ
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের অন্যতম ক্ষমতাশালী সদস্য ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা সেই ক্ষমতাধর ললিত মোদি এখন ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত। আইপিএলের সাবেক কমিশনারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) শৃঙ্খলা কমিটি। ক্ষমতার অপব্যবহারসহ মোদির বিরুদ্ধে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার ১৩৩ পৃষ্ঠার ঢাউস আকারের এই প্রতিবেদন দেওয়া হয় বিসিসিআইয়ের সদস্যদের। অভিযোগের শুনানি হবে ২৫ সেপ্টেম্বর চেন্নাইতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায়। সম্ভবত আজীবন নিষিদ্ধই হতে যাচ্ছেন মোদি।
রাজনীতিক অরুণ জেটলি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান চিরায়ু আমিনকে নিয়েই গঠন করা হয় এই শৃঙ্খলা কমিটি। কমিটি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় এক হাতে আইপিএল চালানো মোদির বিরুদ্ধে শুধু ক্ষমতার অপব্যবহারই নয়, ইংল্যান্ডে বিদ্রোহী ক্রিকেট লিগ চালু করার চেষ্টার অভিযোগও এনেছে। ওটা নাকি ইংল্যান্ড ও ভারতের ক্রিকেট সম্পর্কেই ফেলেছিল প্রভাব।
সবচেয়ে গুরুতর অভিযোগটা হলো, দুটি কোম্পানিকে নতুন ফ্র্যাঞ্চাইজি পাইয়ে দিতে নিলামে অযৌক্তিক ধারা সংযোজন করা। আর মোদি এটা নাকি করেছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলকে কিছু না জানিয়েই। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে টুর্নামেন্টের ইন্টারনেট ও সম্প্রচার স্বত্ব নিয়েও নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে।
সব মিলিয়ে অবস্থা যা, তাতে ভারতীয় ক্রিকেটে চিরদিনের মতোই মোদির অচ্ছুত হয়ে যাওয়াটাকে অবশ্যম্ভাবীই মনে হচ্ছে। তবে মোদি দাবি করেছেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য বেশি সময় দেয়নি বিসিসিআই। তাঁর দাবি, ২০১০ সালের সেপ্টেম্বরে তদন্ত শুরু হলেও তাঁকে মাত্র এক মাস সময় দেওয়া হয় সাফাইয়ের জন্য। আর ওই সময়টা নাকি তাঁকে লন্ডন থেকে ভারতে এসে সশরীরে সাক্ষ্য দেওয়ার সময় দেয়নি কমিটি। পরশু লন্ডনে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন ৪৯ বছর বয়সী মোদি। ওয়েবসাইট।