মোদির সময় স্বচ্ছ ছিল আইপিএল!

আইপিএল ‘দানবের’ জন্ম তাঁর হাত ধরে। ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার দায় তাঁকে দেন অনেকেই। তবে সেই ললিত মোদিও এখন আইপিএলকে সামলাতে না পারায় আঙুল তুলছেন বিসিসিআইয়ের দিকে। সাবেক আইপিএল প্রধান সঙ্গে আবার জুড়ে দিচ্ছেন, ‘আমার সময়ে আইপিএল ছিল স্বচ্ছ।’ ক্রিকেটবিশ্বজুড়ে প্রতিক্রিয়া নানা রকম। কেউ বিস্মিত, কেউ হতাশ, কেউ চমকে গেছেন, কেউ বা আবার বলছেন, আইপিএলে এমনটাই তো হওয়ার কথা ছিল!আর্থিক অনিয়মের দায়ে ২০১০ সালের এপ্রিলে আইপিএল প্রধানের পদ থেকে মোদিকে বহিষ্কার করেছিল বিসিসিআই। সুযোগ পেয়ে এবার পাটকেল ছুড়েছেন মোদি, ‘আইপিএলে কারও কোনো নিয়ন্ত্রণ, কোনো সুষ্ঠু পদ্ধতি নেই। আইসিসির হুঁশিয়ারিকেও তারা পাত্তা দেয়নি। আমার সময়ে তো ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের কোনো অভিযোগ ওঠেনি! আইপিএল তখন ছিল স্বচ্ছ। আমরা সব ধরনের সতর্কতা নিয়েছিলাম। অপরাধজগতের হুমকি থাকার পরও মাথানত করিনি। প্রতিদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছি আমি, আর এখনকার কর্তাদের কাছে তো কোনোকিছুরই জবাব নেই।’ তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হলে কঠিন শাস্তির দাবি করেছেন ডিন জোন্স, ‘লোভ খুব ভয়ানক একটি ব্যাপার। ভারতীয় ক্রিকেটাররা কতকিছু পাচ্ছে ক্রিকেট থেকে, তার পরও তারা এমন করল! দোষী প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা হোক।’ সৌরভ গাঙ্গুলীরও একই মত, ‘আমি একই সঙ্গে হতাশ ও ক্রুদ্ধ। দোষী প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা উচিত। এ ধরনের দুর্নীতির পুরোটাই নির্ভর করে ক্রিকেটারদের ওপর, কেউ জোর করতে পারে না। বিশেষ করে শ্রীশান্তের ব্যাপারে আমি খুবই হতাশ। প্রতিভার কী অপচয়! খারাপ লাগছে রাহুল দ্রাবিড়ের (রাজস্থান অধিনায়ক) জন্য।’মাইকেল ভন আবার মোটেও অবাক হননি, ‘আইপিএলে স্পট ফিক্সিং...খুব বিস্ময়কর খবর নয়!’ আলবি মরকেলের টুইট, ‘শ্রীশান্ত সব সময়ই খবরে আছে ভুল কারণে।’ রিচি বেনো দৃষ্টি দিতে বলছেন আরও গভীরে, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারি অবশ্যই আইপিএলের ভাবমূর্তি নষ্ট করবে। স্পট ফিক্সিং আসলে সমস্যা নয়, লক্ষণ মাত্র।’নিজেকে প্রতারিত মনে করছেন সুনীল গাভাস্কার, ‘ভাষ্যকার হিসেবে অনুভূতি হচ্ছে স্রেফ বোকা বনে যাওয়া। ক্রিকেটের যাবতীয় অভিজ্ঞতা দিয়ে কোনো একটি ডেলিভারি বা শট পর্যালোচনা করি আমরা। কিন্তু যখন এ ধরনের খবর বের হয়, তখন মনে হয় আমরা আস্ত বোকা।’ ওয়েবসাইট।