মোনাকোর শেষেও চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আভিজাত্য বা উৎকর্ষের বিচারে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগের তুলনা হয় না। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ায় এই দুই শিরোপাজয়ীর শ্রেষ্ঠত্ব বিচারের ম্যাচ দিয়েই। এবার ইউরোপিয়ান সুপার কাপে খেলছে রূপকথার জন্ম দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা চেলসি ও ইউরোপা লিগজয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ১৯৯৮ সাল থেকে মোনাকোতে হয়ে আসছে এই প্রতিযোগিতা। এরপর যেন মোনাকোর স্টাডে লুইস টুতে সুপার কাপ হওয়াটা অলিখিত একটা রীতিতেই দাঁড়িয়ে গিয়েছিল। এবারের ফাইনালের পরই চুকে যাবে মোনাকোর পাট, সামনের বছর থেকে ভিন্ন ভিন্ন শহরের মাঠে গড়াবে এই কাপ। সামনের বছর প্রাগে হবে সুপার কাপ, তার পরের বছর ওয়েলসের কার্ডিফে।তবে সুপার কাপ চেলসির ইতিহাসে আলাদাভাবেই লেখা থাকবে, মোনাকোতে প্রথমবারের কাপটা যে তারাই জিতেছিল। ১৯৯৮ সালে চেলসি জিতেছিল কাপ উইনার্স কাপ, প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদ। ফার্নান্দো হিয়েরো, রবার্তো কার্লোস, ক্লারেন্স সিডর্ফদের রিয়ালকে তারা সেবার হারিয়ে দিয়েছিল। মজার ব্যাপার হলো, চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা কাগজে-কলমে এগিয়ে থাকলেও মোনাকোতে হওয়া ১৪টি ফাইনালের আটবারই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কৌলীন্যে পিছিয়ে নিচু সারির কাপ উইনার্স কাপ (পরে উয়েফা কাপ ও এখন ইউরোপা লিগ) জয়ীদের কাছে হেরেছে। এবার পরিস্থিতি উল্টো, চেলসি খেলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের মুকুট মাথায় পরে। আর তাদের মুখোমুখি স্পেনেরই একটি দল, যারা ইউরোপা লিগ বিজয়ী। চেলসি ইউরোপের প্রথম সারির ক্লাব-শ্রেষ্ঠ দল হিসেবেই শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তোরেস, হ্যাজার্ডরা দুর্দান্ত ফর্মে আছেন, তাই ১২ বছর আগের শিরোপাটা আরেকবার হাতে নেওয়ার আশা ডি মাত্তেওর দল করতেই পারে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে হেলাফেলা করতে পারছে না তারা। দুই বছর আগেই ইন্টার মিলানকে হারিয়ে সুপার কাপ জিতেছিল। এবারও অ্যাটলেটিকো মাদ্রিদ সমীহ করার মতো দল। রিয়ালের প্রতিবেশী দলটির কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও তো শুরুতেই আছেন গোলের মধ্যে। কদিন আগেই অ্যাটলেটিক বিলবাওয়ের সঙ্গে করেছেন হ্যাটট্রিক। ফর্মে থাকা দুই দলের লড়াইটা তাই একপেশে হওয়ার সম্ভাবনা কম। মোনাকোর শুরুর মতো শেষটা কি চেলসি নিজেদের করে রাখতে পারবে? রয়টার্স।