মোরাত্তির উত্তরসূরির এই উত্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিমো মোরাত্তির কাছ থেকে ক্লাবের ৭০ শতাংশ অংশীদারি কিনে নিয়েছেন ইন্দোনেশিয়ান ব্যবসায়ী তহির। নতুন মালিক পেয়ে খুশিই হয়েছিল ক্লাবের সমর্থকেরা। একেবারে নিজস্ব একটা স্টেডিয়াম আর তারকা ফুটবলারে ভরা নতুন ইন্টার মিলানের স্বপ্ন দেখছিল সবাই। কিন্তু গতকাল লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সমর্থকদের কিছুটা হতাশই করেছেন নতুন মালিক, ‘আমাদের উদ্দেশ্য ক্লাবের আর্থিক পুনর্গঠন, এমন একটা ক্লাব তৈরি করা যেটা হবে আর্থিকভাবে সবল। আমরা খেলোয়াড় কিনব, কিন্তু খুবই সতর্কভাবে।’ শিগগিরই তাই সান সিরো ছেড়ে নিজস্ব স্টেডিয়ামে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিলেন তহির, ‘একদিন আমাদের নিজস্ব স্টেডিয়াম হবে। তবে ঠিক এই মুহূর্তে আমরা স্টেডিয়াম বানাব বলে মনে হয় না।’ এএফপি।