ট্রাইব্যুনাল তাঁদের দায়মুক্তি দিয়েছেন। তাই আবেদন করেছেন আবার ক্রিকেটে ফেরার। তবে সহসাই ফেরা হচ্ছে না মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে বিসিবি। পুরো প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হবে এই দুই ক্রিকেটারকে।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরসের এই দুই ক্রিকেটারকে ম্যাচ পাতানোর অভিযোগ থেকে অব্যাহতি দেয় বিসিবি দুর্নীতি দমনবিষয়ক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এই মুহূর্ত থেকেই।’ সেটির ওপর ভিত্তি করেই মাঠে ফিরতে চেয়েছিলেন দুজন। ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের পরবর্তী রাউন্ডে খেলার অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন দুজনই।
তবে ট্রাইব্যুনাল দায়মুক্তি দিলেও দুজনের মাথার ওপর থেকে কালো মেঘের ছায়া সরেনি এখনো। কবে মাঠে ফিরতে পারবেন বা আদৌ পারবেন কি না, সেটা জানতে হলে তাই দুজনকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কাল জানালেন, ‘আসলে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর। আইসিসি সভায় যোগ দেওয়ার জন্য তিনি দেশের বাইরে। আমি শুধু বলতে পারি, ওদের দুজনের চিঠি নিয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। তা ছাড়া ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে বিসিবি আপিল করতে পারে। আর আপিল করা যাবে কেবল রায়ের পূর্ণাঙ্গ কপি পেলেই। পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার পরই শুধু পরিস্থিতি অনুযায়ী ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পরপরই এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি ও বিসিবি বলেছিল, ‘আমরা বিস্মিত ও অবশ্যই হতাশ।’ তখনই বলা হয়েছিল আপিল করার ব্যাপারে ভেবে দেখবে বিসিবি ও আইসিসি। সেই ভেবে দেখার ফল হলো, আপিল করা অনেকটাই নিশ্চিত। পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই আপিল করা হবে।
তবে রায়ের দেড় মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ রায় কবে পাওয়া যাবে, সেটি এখনো নিশ্চিত নয় । ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি খাদেমুল ইসলাম জানালেন কিছু জটিলতার কথা, ‘আগের রায় নিয়ে তাদের (বিসিবি ও আইসিসি) কিছু প্রশ্ন ছিল। আমরা বলেছি, প্রশ্ন বা জিজ্ঞাস্য যা আছে, সব লিখিত আকারে আনুষ্ঠানিকভাবে জানাতে। তারা জানালে সেগুলোর ওপর আবার শুনানি হবে। আশা করি, খুব শিগগিরই আমরা বসতে পারব। এগুলো শেষ হলেই পূর্ণাঙ্গ রায়ের কপি দেওয়া হবে। কারণ, আমরা চাই এই সবকিছুরই বিস্তারিত উল্লেখ থাকুক পূর্ণাঙ্গ রায়ে।’
এই একই কারণে থমকে আছে আরেক অভিযুক্ত মোহাম্মদ আশরাফুলের রায় ঘোষণাও। বিচারপতি খাদেমুল ইসলাম জানালেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের সময়টাতেই আশরাফুলের রায় ঘোষণা হতে পারে।