মোহনবাগানকে হারাল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দের ঝলক দেখা মিলল আরেকবার। তাঁর গোলেই শেখ জামাল ধানমন্ডি  পৌঁছেছে আইএফএ শিল্ডের সেমিফাইনালে। ফাইল ছবি।
নর্দের ঝলক দেখা মিলল আরেকবার। তাঁর গোলেই শেখ জামাল ধানমন্ডি পৌঁছেছে আইএফএ শিল্ডের সেমিফাইনালে। ফাইল ছবি।

টেলিভিশন ধারাভাষ্যকারেরা বারবার বলছিলেন, অসাধারণ ফ্রি কিক! ম্যাচের ২২ মিনিটে মোহনবাগানের বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক নিলেন সনি নর্দে। মানব-দেয়ালের ওপর দিয়ে বল বাতাসে ভেসে রংধনুর মতো বাঁক খেয়েছে। সাইড পোস্টে লেগে ঢুকে গেছে জালে। নর্দের ওই গোলটিই শেখ জামাল ধানমন্ডি দলকে তুলে দিল আইএফএ শিল্ডের সেমিফাইনালে। ১১ ফেব্রুয়ারি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল।

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে সনির একমাত্র গোলটিই ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক। আইএফএ শিল্ডের ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার জন্য মোহনবাগানের প্রয়োজন ছিল ড্রয়ের। শেখ জামাল ধানমন্ডির জন্য লড়াইটা কঠিন। তাদের জন্য এটা ছিল বাঁচা-মরার লড়াই। জিতলেই শুধু শেষ চারে ওঠার সুযোগ ছিল। সেই সুযোগ ভালো মতোই কাজে লাগিয়েছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জামাল। গোলের পর এতটাই বল নিয়ন্ত্রণে রেখেছিল যে ২৯ মিনিট থেকে টানা ২৮টি পাসে নিজেদের মধ্যেই দখলে রেখেছিল বল। প্রথমার্ধে ৫৫ ভাগ বল দখলে ছিল জামালের, মোহনবাগানের ছিল ৪৫ ভাগ।


দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ ভালো মতোই চেপে ধরেছিল মোহনবাগান। গোলের জন্য মরিয়া শিল্ডের ২৯ বারের চ্যাম্পিয়নদের দুর্ভাগ্যও সঙ্গী ছিল। ম্যাচের ৮৩ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগানের অনিচি ইচে। ধানমন্ডির গোলরক্ষক জিয়া বল তুলে দেন অনিচির কাছে। বক্সের সামান্য বাইরে থেকে জিয়াকে বোকা বানিয়ে বল নিয়ে এগিয়েও আসে। কিন্তু শেষ পর্যন্ত তার দুর্বল শট লাগে সাইড পোস্টে। ফিরতি বল ক্লিয়ার করেন নাসির। বাকি সময়ে চেষ্টা করেও কেউ গোল পায়নি। এই মোহনবাগানের কাছে ১৯৭৪ সালে শিল্ডে ৫-০ গোলে হেরেছিল আবাহনী। ২০০৮ সালে ৩-১ গোলে হেরেছিল মোহামেডান।

প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল জামাল। এই জয় দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে জামালের খেলোয়াড়দের। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে অধিনায়ক মামুনুল ইসলাম বলছিলেন, ‘আমরাও যে ভালো ফুটবল খেলতে পারি, সেটা কলকাতাবাসীকে দেখিয়েছি। আশা করি, ভালো খেলে শিল্ডে চ্যাম্পিয়ন হব আমরাই।’ আর সনি নর্দেকে তো কলকাতায় খেলার প্রস্তাবও দিয়ে ফেললেন ধারাভাষ্যকারেরা। জবাবে সনির হাসিমাখা উত্তর ছিল, ‘যদি এখানে বেশি টাকা পাই তাহলে অবশ্যই খেলতে আসব।’

তবে সবকিছু ছাপিয়ে শেখ জামালকে শিরোপা উপহার দেওয়াই লক্ষ্য এই হাইতিয়ানের।