মোহনের সামান্য চাওয়া
১০০ মিটারে ১০ সেকেন্ডের ব্যারিয়ার ভেঙে গেছে সেই ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে। বিশ্ব রেকর্ড এখন ৯.৫৮ সেকেন্ড। আর বাংলাদেশের স্প্রিন্টাররা এখনো পড়ে আছেন সাড়ে এগারোর চক্করে! মোহন খান কথাটা শুনে নির্বিকার মুখে বলেন, ‘ওরা ১০ থেকে ৯-এ এসেছে। আমরা ১২ থেকে ১১। আমরা এক শ বছর পিছিয়ে আছি।’একটু আগে ১০০ মিটারের প্রাথমিক পর্বে দৌড়ে এসেছেন। নিজের হিটে সাতজনের মধ্যে পঞ্চম, সব মিলিয়ে ২৯ জনের মধ্যে ২১তম। এই প্রাথমিক পর্বকে বলতে পারেন এই অলিম্পিকে ১০০ মিটারের ঝলমলে জগতে বিবর্ণ ২৯ জন স্প্রিন্টারকে নিয়ে। এখান থেকে ১০ জন উঠেছেন প্রথম রাউন্ডে। টাইমিংয়ের ভিত্তিতে যেখানে আগেই ছিলেন ৪৩ জন।প্রথম রাউন্ডে ওঠা হয়নি মোহনের। তবে একটা তৃপ্তি তিনি পেতেই পারেন। ব্যক্তিগত সেরা টাইমিংটা করলেন অলিম্পিকেই। গত বছর এশিয়ান অ্যাথলেটিকসে দৌড়েছিলেন ১১.৩১ সেকেন্ডে, এখানে ১১.২৫। মোহনের অবশ্য তৃপ্তির চেয়ে আক্ষেপটাই বেশি, ‘আমার লক্ষ্য ছিল ১১ সেকেন্ডের কমে দৌড়ানো। ঠান্ডার জন্যই পারলাম না। আমরা তো এতে অভ্যস্ত না। ওয়ার্মআপের পর দৌড় শুরু হতে হতেই শরীর ঠান্ডা হয়ে যায়।’বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের মধ্যে তাঁর অলিম্পিকে আসাটাই নিশ্চিত হয়েছে সবার পরে। মাত্র দেড় মাসের প্রস্তুতিতে টাইমিং ১১.৩১ থেকে ১১.২৫ নিয়ে আসতে পারায় খুশি হওয়া উচিত। সেটিই আবার আক্ষেপটা বাড়িয়ে দিচ্ছে মোহনের। অলিম্পিক ভিলেজে ভারতীয় অ্যাথলেটদের সঙ্গে আলাপ হয়েছে। অলিম্পিকের জন্য ওরা দেড় বছর প্রস্তুতি নিয়েছে শুনে মনটা আরও খারাপ হয়ে গেছে, ‘আর্মিতে খেলা না থাকলে তো আমরা ট্রেনিংও করি না। কোনো কম্পিটিশনের চিঠি এলে ট্রেনিং শুরু হয়। আর্মি আমার কাছ থেকে সোনা চায়, আমি তা এনেও দিচ্ছি। কিন্তু এর পরের পর্যায়ে যেতে হলে তো সে রকম ট্রেনিং লাগবে। আজ যেমন আমি শুরুটা খুব ভালো করেছিলাম, কিন্তু পরে সেই গতিটা ধরে রাখতে পারিনি। কীভাবে তা পারব, সে জন্যও তো ট্রেনিং লাগে।’খেলার সুবাদে সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। যে বেতন পান, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। একজন অ্যাথলেটের যেমন খাবার দরকার, সেটিও বেশির ভাগ সময়ই জোটে না। মোহন খানের চাওয়াটা তাই খুব সামান্য—ভালো ট্রেনিং আর খাবার। সাংবাদিকদের কাছে একরকম অনুনয়ের সুরেই বললেন, ‘অলিম্পিকে তো আর আমরা পারব না। এসএ গেমসটাই আমাদের কাছে অনেক বড়। দেখেন না, আপনারা লিখেটিখে একটু ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে পারেন কি না। ট্রেনিং আর খাওয়াদাওয়া ঠিক থাকলে আমি অবশ্যই এর চেয়ে অনেক ভালো করতে পারব।’শুধু মুখের কথা নয়, ভালো করার ক্ষুধাটা আসলেই আছে। নইলে ২০০৪ এথেন্সে শামসুদ্দিনের ১০০ মিটারে অংশ নেওয়ার দিন থেকে দেখে আসা অলিম্পিকের স্বপ্নপূরণ হওয়ার দিনে মন খারাপ করে থাকতেন না। বারবার বলতেন না, ‘অলিম্পিকে খেলার স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু টাইমিংয়ের আশাটা নয়।’টাইমিং সাড়ে এগারো সেকেন্ডের চক্করে ঘুরপাক খেতে পারে। কিন্তু একবার ভাবুন তো, এই ছেলেটা বাংলাদেশের ১৫ কোটি লোকের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়ায়। ক্রীড়ার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন আমাদের দেশ কি তাঁকে প্রাপ্য সম্মানটা দেয়? অলিম্পিকে এসে সেই দুঃখটাও মাথা চাড়া দিয়ে উঠেছে মোহনের মনে, ‘এখানে লোকে দেখলেই কথা বলে, ছবি তোলে। দেশে আমাদের এভাবে মূল্যায়ন করা হয় না। খেলাধুলায় ভালো করতে অনুপ্রেরণা লাগে, উৎসাহ লাগে।’