মোহামেডান অধিনায়কের বিরুদ্ধে মামলা
মোহামেডান অধিনায়ক এনামুল হকের (শরিফ) বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযোদ্ধা। ঢাকার সিএমএম আদালতে করা মামলায় মুক্তিযোদ্ধার দাবি, শরিফ তাদের কাছ থেকে ৯ লাখ টাকা নিয়ে যোগ দিয়েছেন মোহামেডানে। মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তার গতকাল বলেছেন, ‘তাগিদ দেওয়া সত্ত্বেও শরিফ আমাদের টাকা দিচ্ছে না। তাই বাধ্য হয়ে মামলা করেছি।’বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় মোহামেডান জানিয়েছিল, মুক্তিযোদ্ধার টাকা তারা শোধ করবে। এ জন্য দুই সপ্তাহ সময় চেয়েছিল তারা। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও টাকা পায়নি মুক্তিযোদ্ধা। শরিফ এখন বলছেন, ‘সমস্যা নেই। লিগের মাঝামাঝি টাকা দিয়ে দেবে মোহামেডান।’ নিয়মনীতি ভঙ্গ করে দুই ক্লাব থেকে টাকা নিয়েও বেশ নিরুদ্বেগ এই মিডফিল্ডার। মোহামেডানও টাকা দিচ্ছে না। নাইজেরিয়ার স্ট্রাইকার এমেকা নাকি মোহামেডানের কাছে গতবারের পাওনা চেয়ে প্রতিদিন ফোন করে বাফুফের কাছে। এই হলো পেশাদার ফুটবলের যুগ!