
পারিবারিক কারণে হঠাৎ করেই মোহামেডানের প্রধান কোচ রুই ক্যাপেলা চলে গেছেন পর্তুগালে৷ সহকারী কোচ জুয়েল রানাও দায়িত্ব ছেড়েছেন৷ তাহলে কার হাতে দেওয়া যায় কোচের আপৎকালীন দায়িত্ব? মোহামেডানের কর্তারা ধরে আনলেন ক্লাবের পুরোনো সৈনিক আলফাজ আহমেদকে৷ মোহামেডান থেকেই অবসর নিয়ে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার টুকটাক কোচিং করিয়েছেন৷ মূলত স্কুল ফুটবল ও মহিলা ফুটবলে৷
সেই অালফাজ কোচ হিসেবে অভিষিক্ত হলেন কাল পেশাদার ফুটবলে৷ অভিষেকটা খারাপ হয়নি! আলফাজের মোহামেডান দুর্বল চট্টগ্রাম আবাহনীকে কাল হারাল ১-০ গোলে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন এমিলি৷
পেশাদার লিগের কোচের বড় দায়িত্বটা এত তাড়াতাড়ি পেয়ে যাবেন সেটা আলফাজ নিজেও ভাবেননি। যদিও ডাগআউটে তাঁকে খুব কম সময়ই দেখা গেছে। বরং তাঁর চেয়ে বেশি তৎপর ছিলেন দলের ম্যানেজার! সংবাদ সম্মেলনে এসে আলফাজ বললেন, ‘খুবই স্নায়ুচাপে ছিলাম। প্রথম ম্যাচে জয় চাইছিলাম খুব করে। ছেলেরা ভালোই খেলেছে। তবে আমি আরও বেশি গোল আশা করেছিলাম।’ দায়িত্বটা কেমন উপভোগ করছেন? আলফাজের উত্তর, ‘মোহামেডানে আমি দীর্ঘদিন খেলেছি। এই দলটাকে খুব ভালোবাসি। ক্লাব আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা ভালোভাবেই পালন করার চেষ্টা করব। তা ছাড়া নিজেকেও তো তৈরি করতে হবে। এটা আমার জন্য একটা ভালো সুযোগ। আমি সুযোগটা কাজে লাগাতে চাই।’
কোচ আলফাজের কৌশল আত্মস্থ করতে একটু সময় লাগবে ফুটবলারদের। তবে ক্যাপেলার মতোই শুরুতে গোল করে সেটা ধরে রাখার কৌশল ছিল তাঁর। শুরুতেই গোল পেতে পারত সাদা-কালোরা। দুর্ভাগ্য বেইবেকের। ম্যাচের ৩ মিনিটে তাঁর হেড ক্রসবারে লেগে ফেরে। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাহিদকে একা পেয়েও সহজ দুটি সুযোগ নষ্ট করেন জোঙ্গো ও সবুজ। তবে ৪৩ মিনিটে বক্সের মধ্যে আগুয়ান এমিলিকে নাহিদ ফেলে দিলে পেনাল্টি পায় মোহামেডান। প্রথম চেষ্টায় নাহিদ ঠেকিয়ে দিলেও ফিরতি শটে এমিলি ঠিকই গোল করেন।
এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল মোহামেডান। ৮ পয়েন্ট নিয়ে তলানিতেই চট্টগ্রাম আবাহনী। হারের জন্য ক্লান্তিকেই দুষলেন চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম, ‘গত ১৪ দিনে চট্টগ্রাম, গোপালগঞ্জ ও ঢাকায় ৪টি ম্যাচ খেলেছে ছেলেরা। ক্লান্তির ধকল সইতে পারছে না ওরা।’