মোহামেডান ছেড়ে ক্রুইফের সঙ্গী সাইফুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলকে ভালো করতে হলে শুধু ভালো বিদেশি কোচই যথেষ্ট নয়। বিদেশি কোচকে সহায়তা দিতে মেধাবী স্থানীয় কোচও দরকার। এই উপলব্ধি থেকে জাতীয় দলের ডাচ কোচের সঙ্গে দেশের সেরা দুই কোচকে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাফুফে।
লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারের পরামর্শ নিয়েই বাফুফে স্থানীয় দুজন কোচকে মনোনীত করেছে কদিন আগে। এঁদের একজন শেখ রাসেলের মারুফুল হক ক্রুইফের সঙ্গে কাজ করতে সম্মত হননি। তবে আরেকজন মোহামেডান কোচ সাইফুল বারী (টিটু) প্রস্তাবটা বিবেচনায় নিয়েছেন। দুজনকেই মাসে এক লাখ টাকা করে সম্মানী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
কাল যোগাযোগ করা হলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুলে বললেন তাঁর পরিকল্পনা, ‘ক্রুইফকে সহায়তা করার জন্য মারুফ-টিটুদের মতো দেশের শীর্ষ কোচ দরকার আমাদের। তাই মারুফ-টিটুকে প্রস্তাব দেওয়া হয়েছে। মারুফ শেখ রাসেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় না বলেছে। তবে টিটুর সম্মতি আছে। আগামী ১ জানুযারি থেকে সে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারে।’
মারুফ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাইফুল বারী কোনো রাখঢাক করলেন না, ‘বাফুফের প্রস্তাব পেয়েছি। সেটি ভেবেও দেখছি।’ ভাবনাটা হ্যাঁ-বোধকই হচ্ছে বলে সাইফুলের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
সাইফুল বর্তমানে মোহামেডানের সঙ্গে আছেন না-থাকার মতোই। মোহামেডানের সঙ্গে তাঁর লিখিত চুক্তি নেই। এই কোচ মোহামেডানের সদস্য হওয়ায় লিখিত চুক্তি করার পথে বাধা আছে বলছেন ক্লাব কর্মকর্তারা। এর আগে অবশ্য সাইফুল বাফুফের কোচ হিসেবে কাজ করেছেন এবং ক্রুইফরা আসার আগে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন।