মোহামেডান-জামাল দুদলই সতর্ক
অনুশীলন হয়েছে সকালে। বিকেলে মোহামেডান ক্লাবে গিয়ে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষেই পাওয়া গেল। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে রহতমগঞ্জের সঙ্গে একমাত্র জয় নিয়ে শেষ আটে উঠেছে সাদা-কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে নকআউট পর্বে এড়াতে চেয়েছিল কঠিন প্রতিপক্ষ শেখ জামালকে। উল্টো আবাহনীর কাছে হেরেছে ০-২ গোলে। আজ থেকে শুরু কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই শেখ জামালের মুখোমুখি মোহামেডান।
হারলেই বিদায়। মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি তাই জয় ছাড়া কিছুই ভাবতে পারছেন না, ‘শেখ জামাল খুবই ব্যালান্সড দল। তাই মাঠে আমাদেরও ভালো পারফর্ম করতে হবে। গত দুই ম্যাচে ভালো খেলেছি। কিন্তু আবাহনীর সঙ্গে বাজে দুটি গোল খেয়েছি। জিততে হলে শতভাগ উজাড় করে খেলতে হবে।’ শেখ জামালের সবচেয়ে বড় অস্ত্র সনি নর্দে। হাইতিয়ান এই মিডফিল্ডারকে নিয়েও ভাবছেন এমিলি, ‘সনি নর্দে সবার চেয়ে আলাদা। ওকে নিয়েই সবার যত চিন্তা। যেকোনো ম্যাচে সে একাই মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের তাকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা আছে।’ গ্রুপ পর্বে দুই ম্যাচে ৪ গোল খেয়েছে মোহামেডান। আরিফ, বাইবেক, তপু বর্মণ ও নাহিদের মতো ডিফেন্ডার থাকতেও রক্ষণ নিয়ে উদ্বিগ্ন মোহামেডান। সেটা স্বীকার করলেন মোহামেডান অধিনায়ক, ‘আসলে আমরা ৪ গোল খাওয়ার মতো দল না। আমাদের ডিফেন্সে অনেক সমস্যা ছিল। এটা নিয়েও কাজ করেছি। এই ম্যাচে আমরা সতর্ক হয়েই খেলব।’
উত্তর বারিধারার সঙ্গে ২-০ গোলের জয়, ফেনী সকারের সঙ্গে জয় ১-০ গোলে। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ঠিক নয় কোটি টাকার দল মনে হয়নি শেখ জামালকে।
আজই বড় পরীক্ষা দিতে হবে গতবারের রানার্সআপদের। আর মোহামেডানকে মোটেই হালকা করেও দেখছেন না শেখ জামাল অধিনায়ক মামুনুল ইসলাম, ‘মোহামেডানকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের হয়ে নর্দে একাই যা খেলছে, এই ম্যাচে বাকিদেরও ভালো খেলতে হবে।’
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি
২৮ নভেম্বর মোহামেডান-শেখ জামাল বিকেল ৫টা
২৯ নভেম্বর আবাহনী-ফেনী সকার বিকেল ৫টা
৩০ নভেম্বর মুক্তিযোদ্ধা-ব্রাদার্স বিকেল ৫টা
০১ ডিসেম্বর শেখ রাসেল-বিজেএমসি বিকেল ৫টা
* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সরাসরি সম্প্রচার বিটিভিতে।