মোহামেডান জোটের নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ঝড়ের আভাস মিলছিল কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত সেই ঝড়টা উঠল হকি অঙ্গনে। মোহামেডান জোট গতকাল সংবাদ সম্মেলন করে ফেডারেশনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে ২-৪ জুলাই খেলোয়াড়দের দলবদল অনিশ্চিত হয়ে পড়ল। নির্বাচনের সঙ্গে দলবদলের সম্পর্ক থাকার কথা নয়। কিন্তু মোহামেডান জোটের নির্বাচন বর্জন মানে হকির ভবিষ্যতের পাশে একটা বড় প্রশ্নচিহ্ন বসে যাওয়া। এই দলগুলো দলবদলসহ কোনো কার্যক্রমেই যাবে না। ক্ষমতার রশি টানাটানির বলি হবেন সেই খেলোয়াড়েরা!এই খেলোয়াড়দের হাত ধরেই সম্প্রতি এসেছে আন্তর্জাতিক সাফল্য। ২-৪ জুলাই দলবদল হবে—এমন আশ্বাস তাঁদের দিয়েছেন ফেডারেশন সভাপতি। এখন দলবদল না হলে খেলোয়াড়েরা যদি ক্যাম্প বর্জন করে! সে ক্ষেত্রে এশিয়া কাপের দল কী হবে? এসব প্রশ্ন বড় হয়ে উঠছে।মোহামেডান জোটের আন্দোলনকে খাটো করে দেখার অবকাশ নেই। কেননা, প্রিমিয়ারের ১১ দলের মধ্যে মোহামেডানের সঙ্গী মেরিনার্স, অ্যাজাক্স, ওয়ারী, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং। সাধারণ বীমাও এই পক্ষে বলে দাবি করা হয়েছে। অতীতে দেখা গেছে, শুধু মোহামেডান বেঁকে বসলেই কত ঝামেলা পোহায় হকি!নির্বাচনী প্রক্রিয়ায় একগাদা অভিযোগ তুলে মোহামেডান জোট তাদের ২৬টি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে গতকাল। এখন মাঠে শুধু রহমতউল্লাহ পক্ষ। নিয়ম অনুযায়ী এই পক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। কাল বিকেলে সেটি জানিয়েও দিয়েছেন রিটার্নিং অফিসার সৈয়দা আরজুমা আক্তার, ‘নিয়মানুযায়ী একমাত্র পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হবে আমাদের। সেটি সম্ভবত আগামীকালই (আজ)।’এ সময় রিটার্নিং অফিসারের কক্ষেই ছিলেন খাজা রহমতউল্লাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, কিন্তু মন খুলে হাসতে পারছেন কোথায়? মোহামেডান জোট হকির কার্যক্রমে না এলে ফেডারেশন চালাবেন কীভাবে? এই প্রশ্নে উত্তর দিয়েছেন আশাবাদী হয়েই, ‘হকির বৃহত্তর স্বার্থে আশা করছি তারা সব কার্যক্রমে অংশ নেবে।’ সহসভাপতি নির্বাচিত হতে যাওয়া ঊষার কর্মকর্তা আবদুর রশিদ পাশে দাঁড়িয়ে অবশ্য স্বীকার করলেন, ‘গোটা পরিস্থিতি ভীষণ জটিল হয়ে পড়ল।’ রহমতউল্লাহর অধীনে কোনো কার্যক্রমেই যাবে না সাফ বলে দিয়েছে মোহামেডান জোট। কাল সংবাদ সম্মেলনে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বললেন, ‘এমন নোংরামির নির্বাচন আগে কখনো দেখিনি। আমরা তাই নির্বাচন করব না।’ এই পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল্লাহ আল মুনিরের অভিযোগ, ‘জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলরই আবাহনী ঘরানার। ফেডারেশন সভাপতি বিবেচনার আশ্বাস দিয়েও তা পরিবর্তন করেননি। নির্বাচনে অনেক অনিয়ম হচ্ছে। প্রতিকার না পেয়েই আমরা বাধ্য হয়েছি নির্বাচন থেকে সরে যেতে।’ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী ফেডারেশন সভাপতির সুপারিশে এনএসসি কাউন্সিলর মনোনয়ন দেয়। অবশ্য সভাপতির সুপারিশ অগ্রাহ্যও করতে পারে এনএসসি। এনএসসিকে অনুরোধ না করে বারবার ফেডারেশন সভাপতির কাছে কেন গেল মোহামেডান জোট? এই জোট থেকে সহসভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া সাজেদ আদেলের জবাব, ‘আমরা বিভিন্ন মাধ্যমে মন্ত্রীকে বিষয়টা জানিয়েছি।’ অনেকেই বলছেন, ওই পাঁচ কাউন্সিলরের একজন আবাহনীর ম্যানেজার জাকি আহমেদকে পরিবর্তন করলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত।এর মধ্যে সর্বশেষ খবর, হকি আম্পায়ার্স অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে কাউন্সিলর না করে অন্য একজনকে করায় মামলা করেছেন হাইকোর্টে। তাঁকে অন্তর্ভুক্ত করে নির্বাচনী প্রক্রিয়ায় যেতে নির্দেশনা দিয়েছেন আদালত। সব মিলিয়ে জটিল একটা অবস্থা। মাঠে ভালো করছিল হকি, মাঠের বাইরের রাজনীতিতে সব ভেস্তে যেতে বসেছে!