মোহামেডান, প্রাইম ব্যাংকের জয়

তিন ম্যাচ করে খেলা হয়ে গেছে সব দলেরই। বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের প্রথম পর্ব শেষে ৪ পয়েন্ট করে পেয়েছে মোহামেডান ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনী ও ইউসিবি-বিসিবির পয়েন্ট ২ করে।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচে আবাহনীকে ৪ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরের ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশকে মোহামেডান হারিয়েছে ৭ উইকেটে।
মোহামেডানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। এর পর থেকেই সাব্বির রহমান যেন অপ্রতিরোধ্য! ইউসিবি-বিসিবি একাদশের বিপক্ষে অপরাজিত ৫০ রানের পর কালও অপরাজিত থাকলেন ৫০ বলে ৮৪ রান করে। তাঁর চার ছক্কা আর ছয় বাউন্ডারির ইনিংসের সৌজন্যই আবাহনীর ১৭১ রান প্রাইম ব্যাংক টপকে গেছে ৩ বল বাকি থাকতে। তিন ম্যাচে রান ১৩৪, দুটিতেই অপরাজিত থাকায় ব্যাটিং গড়ও তাই। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান এখন সাব্বিরেরই।
তিন ম্যাচে ১০৯ রান করে বিজয় দিবস টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানদের তালিকায় সাব্বিরের পরই মুশফিক। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৫৯ রান করার পর কালও ফিফটি পেয়েছেন আবাহনীর অধিনায়ক। কিন্তু তাতেও প্রাইম ব্যাংককে হারানোর মতো রান জমা হয়নি স্কোরবোর্ডে। ৩৩ বলে করা ৫০-এ মুশফিকের বাউন্ডারি মাত্র একটা হলেও ছক্কা ছিল চারটি। পয়েন্টে সাব্বিরের ক্যাচ বানিয়ে মুশফিককে ওখানেই থামিয়ে দেওয়ার কৃতিত্বটা পেসার রুবেল হোসেনের। তার আগের বলে ঠিক একই জায়গায় তিনি সাব্বিরের ক্যাচ বানিয়েছিলেন মাহমুদউল্লাহকেও।
১৭১ করেও জিততে পারেনি আবাহনী, আর ইউসিবি-বিসিবি একাদশ ৯ উইকেটে করলই মাত্র ১২৯! রনি তালুকদার ৩২ বলে ৪৩ করেছেন, নাঈম ইসলাম ১০ বলে ২০ রান। কিন্তু বাকি স্বীকৃত ব্যাটসম্যানরা রানের চেয়ে বলই বেশি খেললেন। ২২ রানে ৪ উইকেট নেওয়া পেসার দেওয়ান সাব্বিরের সামনেই বেশি অসহায় মনে হলো তাদের।
৫৮ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে মুমিনুল-তাইবুরের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতেই ম্যাচ জিতে গেছে মোহামেডান। ৭ চার আর এক ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫০ রান করেছেন মুমিনুল। তাইবুর করেছেন ২৫ বলে অপরাজিত ৩০।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ২০ ওভারে ১৭১/৭ (মুশফিক ৫০, সৌম্য ৩১, জিয়া ২৮; রুবেল ৩/১৭, তাইজুল ২/৩৯, সাকিব ১/২৩, শাহাদাত ১/২৭)। প্রাইম ব্যাংক সিসি: ১৯.৩ ওভারে ১৭৫/৬ (সাব্বির ৮৪*, এনামুল ২২; সোহরাওয়ার্দী ১/১৫, মাহমুদউল্লাহ ১/১৮, ফরহাদ ১/২৩, জিয়া ১/৩৬, শুভাশিস ১/৪২)। ফল: প্রাইম ব্যাংক সিসি ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।
ইউসিবি-বিসিবি: ২০ ওভারে ১২৯/৯ (রনি ৪৩, তামিম ৩৪, নাঈম ২০; সাব্বির ২২/৪, আলাউদ্দিন ২/২৩, শরীফ উল্লাহ ১/১৮, সানি ১/২০, মাশরাফি ১/৪৫)। মোহামেডান: ১৭.১ ওভারে ১৩০/৩ (মুমিনুল ৫০*, তাইবুর ৩০*, নুরুল হাসান ২৮; এনামুল জুনিয়র ২/১৪, নাঈম ১/৪০)। ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দেওয়ান সাব্বির।