মোহামেডান ফুটবলে পতুর্গিজ-পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব সারলেন পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা ।  প্রথম আলো
মোহামেডান খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব সারলেন পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা । প্রথম আলো

লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলছেন এমিলি-জাহিদরা। শীতের দুপুরেও ফুটবলারদের কপালে বিন্দু বিন্দু ঘাম। রেফারির ভূমিকায় রুই হোসে ক্যাপেলা বাতিস্তা। কখনো খেলোয়াড়দের ভুল ধরিয়ে দিচ্ছেন, সমানে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন মোহামেডানের পর্তুগিজ কোচ।
গত মঙ্গলবার ঢাকায় এসেছেন ক্যাপেলা। তবে আজ থেকেই শুরু হচ্ছে মোহামেডানের অষ্টম বিদেশি কোচের চ্যালেঞ্জ। এবারের ফেডারেশন কাপের রানার্সআপ মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে আজ মাঠে নামবে মোহামেডান। এর আগে খেলোয়াড়দের নিয়ে দুই দিন অনুশীলন করেছেন হোসে মরিনহো, লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের কোচ। অনুশীলন বলতে পরশু বুয়েট মাঠে একটি ম্যাচ, খেলোয়াড় তালিকা হাতে নিয়ে সবার সঙ্গে পরিচিত হওয়া। কাল লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে হলো আরও দুটি ম্যাচ। ম্যাচ মূলত ফুটবলারদের সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করছেন এই পর্তুগিজ।
কাল বেলা ৩টায় শুরু অনুশীলন-পর্বটা ছিল ছোটই। ৫০ মিনিট শেষে ছুটি মিলল সবার। প্রথমে মিনিট দশেক ওয়ার্মআপ। এরপর খেলোয়াড়দের দুই ভাগ করে দুই সেশনে ২০ মিনিট করে দুটি ম্যাচ। গোলরক্ষক ছাড়াই ১০ জনের প্রতিটি দলে একবার চার ডিফেন্ডারের সঙ্গে ছয়জন ফরোয়ার্ড। পরের বার ছয়জন ডিফেন্ডারের সঙ্গে চার ফরোয়ার্ড খেলালেন।
ক্যাপেলার ফুটবল-দর্শন হলো অলআউট অ্যাটাক। সবাইকে আক্রমণে উঠতে হবে একসঙ্গে, আবার নামতেও হবে একসঙ্গেই। প্রথম দিন এসেই বলেছিলেন, ৪-৩-৩ ছকটাই তাঁর পছন্দ। সেটাই ফুটবলারদের বোঝানোর চেষ্টা করলেন অনুশীলনে। তবে সবার আগে দলীয় শৃঙ্খলাই তাঁর কাছে প্রাধান্য পায়।
পেশাদার ফুটবল লিগে এ পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি মোহামেডান। অধরা ট্রফিটা কি আসবে ক্যাপেলার হাত ধরে? ক্যাপেলার মুখে অনির্দিষ্ট উত্তর, ‘আমি জানি লিগে গত ছয় বছর কোনো শিরোপা জেতেনি মোহামেডান। আমি মাত্রই এসেছি। আমাকে আরও বেশি সময় দিতে হবে দলটাকে বুঝতে। এই দলে ৫-৬ জন খুব ভালো মানের খেলোয়াড় আছে। আমি মনে করি, এটা জেতা সম্ভব। যদিও কাজটা সহজ নয়। তবে আমি আশাবাদী।’ মুক্তিযোদ্ধা সম্পর্কেও এরই মধ্যে খোঁজখবর নিয়েছেন তিনি, ‘আগামীকাল আমাদের প্রথম ম্যাচ মুক্তিযোদ্ধার বিপক্ষে। আমি ওদের সম্পর্কেও জেনেছি। মুক্তিযোদ্ধা খুবই কঠিন প্রতিপক্ষ। তাই আমার কাজটা সহজ হবে না।’ খেলোয়াড়দের কাছ থেকে সহযোগিতা চাইলেন তিনি, ‘আমি খেলোয়াড়দের কাছে সহযোগিতা চেয়েছি। ওদেরও আমি সাহায্য করব।’
মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলিও নতুন কোচকে নিয়ে আশাবাদী, ‘কোচের মূল কথা হলো আমাদের গতিময় ফুটবল খেলতে হবে। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে দু-একটি ম্যাচ না গেলে ওনার সম্পর্কে খুব বেশি বোঝা যাবে না। আমাকে বলেছেন, সুযোগগুলো ঠান্ডা মাথায় কাজে লাগাতে।’