মোহামেডান-ব্রাদার্সে বিদেশি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। ক্লাবগুলো পড়েছে মাঠে। এরই মধ্যে বিদেশি কোচ নিশ্চিত করেছে মোহামেডান ও ব্রাদার্স। মোহামেডানে আসছেন ক্লাবের সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা ইউজিগো, ব্রাদার্সে সৈয়দ নইমুদ্দিন।ভারতীয় কোচ নইমুদ্দিন এর আগেও ব্রাদার্সের কোচ ছিলেন। এমেকা একবার মোহামেডানের কোচ হিসেবে নিয়োগ পেতে পেতেও পাননি। ব্রাদার্স আজ ক্লাব প্রাঙ্গণে বিদেশিদের হাট বসাচ্ছে। বিদেশিদের ট্রায়ালে দেখে পছন্দ করে নেবেন নইমুদ্দিন। তাঁর সঙ্গে ব্রাদার্সের চুক্তি আপাতত এক বছরের। গত পরশু ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।সম্প্রতি বাফুফের আমন্ত্রণে ঢাকায় এসে পুলিশের হাতে কয়েক ঘণ্টার জন্য আটক হয়েছিলেন এমেকা। ফুটবলার কায়সার হামিদের পিস্তল নিজের কাছে রাখার দায়ে অভিযুক্ত এই নাইজেরিয়ান কয়েক দিন ঢাকায় ঘোরাঘুরি করে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তখন স্পনসর নিয়ে বাংলাদেশে প্রতিভা খোঁজার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, চেয়েছিলেন একটা চাকরি। এর কিছুদিন আগেও একবার মোহামেডানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন। তখনো বাংলাদেশে চাকরির জন্য ব্যাকুলতা প্রকাশ করেছেন এমেকা।আমেরিকাপ্রবাসী সাহিদুর রহমান সান্টুকেও কোচ করার আলোচনা শুরু হয়েছিল মোহামেডানে। পরে সেটি বাদ দেওয়া হয়। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া জানিয়েছেন, ‘এমেকাকে কোচ করছি আমরা। সে নাইজেরিয়া থেকে পাঁচজন খেলোয়াড় আনবে। ২৫ নভেম্বরের মধ্যে আসার কথা।’ওদিকে শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছেন। গত মৌসুমে ভাঙাচোরা মোহামেডানকে নিয়ে ভালোই লড়লেও ক্লাব কর্তৃপক্ষ তাঁকে রাখেনি।