মোহামেডান ১৪, আরিফুল ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেছিলেন হকিটাই ছেড়ে দেবেন। কিন্তু অবসরে যাওয়ার সময় যে হয়নি কাল সেটাই যেন বুঝিয়ে দিলেন মোহামেডান স্ট্রাইকার আরিফুল হক (প্রিন্স)। ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে কাল আরিফুলের হ্যাটট্রিকে (৫ গোল) মোহামেডান ১৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। কামরুজ্জামান (রানা) ৩টি, মুসা মিয়া ও জাহিদুল ইসলাম (রাজন) ২টি করে গোল করেছেন। মামুনুর রহমান (চয়ন) ও রাসেল মাহমুদের (জিমি) গোল ১টি করে। পুলিশের গোলটি রানার। এই জয়ে ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে মোহামেডান।ক্লাব কাপ হকির চলমান গোল-উৎসবে এই পুলিশকেই প্রথম ম্যাচে আবাহনী হারিয়েছিল ৭-১ গোলে। কাল মোহামেডান তাদের দ্বিগুণ ব্যবধানে হারাল। পুলিশের রক্ষণভাগ বলতে আসলে কিছুই ছিল না। যে যেভাবে পেরেছে মুড়িমুড়কির মতো গোল করেছে। ৫টি পেনাল্টি কর্নার থেকে ৪টিতেই গোল হয়েছে। রাসেল মাহমুদ খেলেছেন মিডফিল্ডে। আক্কেলদাঁত তুলে কাল ব্যথা নিয়েই খেললেন এবং একটি গোলও পেলেন।এই মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিকে খুশি আরিফুল, তবে এটি তাঁর হতাশাও বের করে এনেছে, ‘আমাকে আসলে সেভাবে সদ্ব্যবহার করা হয়নি। বলতে পারেন অভিমানেই খেলাটা ছেড়ে দিচ্ছি। খেলার প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছি। তবে আমি মনে করি হকিতে এখনো অনেক দেওয়ার আছে আমার।’ প্রতিটি মৌসুমেই হ্যাটট্রিক করা আরিফুল সর্বাধিক ১৬টি গোল করেছিলেন ২০০৭-০৮ মৌসুমে। দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ বরকতউল্লাহ (চপল), ‘ছেলেরা যেভাবে খেলছে তাতে আমরা খুশি। তবে গোল করা বড় ব্যাপার না, দলের কম্বিনেশন ঠিক রেখে খেলে যাওয়াটাই আসল। সেটা আমাদের হচ্ছে।’অন্য ম্যাচে অ্যাজাক্স ও মেরিনার্স ২-২ গোলে ড্র করেছে। মেরিনার্সের ধীমান ২টি গোল করেছেন। অ্যাজাক্সের ইমতিয়াজ ও জামালের গোল ১টি।