স্কোরলাইনটা বেশ চমক-জাগানিয়া। মুক্তিযোদ্ধার কাছে ৪-১ গোলে উড়ে যাওয়ার মতো দল নয় মোহামেডান। কাগজে-কলমে মুক্তিযোদ্ধার চেয়ে বরং একটু এগিয়েই তারা। কিন্তু মোহামেডান কাল দাঁড়াতেই পারেনি মুক্তিযোদ্ধার সামনে। ম্যাচটা হয়েছে গোপালগঞ্জে, যেটি এবারের বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার মাঠ। যেনতেন ভেন্যু নয়, এখানে দর্শক উপচে পড়ে। কাল মাঠে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। এটি মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত করেছে দারুণভাবে।গোপালগঞ্জে তিন ম্যাচের দুটি জিতল মুক্তিযোদ্ধা, প্রথমটি ছিল আরামবাগের বিপক্ষে। গত ম্যাচটা বিজেএমসির সঙ্গে ড্র হয়েছিল। শিরোপা জয়টা মুক্তিযোদ্ধার জন্য হয়তো কষ্টকল্পনা। তবে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ভালো অবস্থায় আছে দলটি। আগের ম্যাচে আবাহনীর কাছে হারা মোহামেডান এদিনও পয়েন্টশূন্য থাকায় সাদা-কালোদের লিগ যাত্রা কণ্টকাকীর্ণ হয়ে উঠল। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে পড়েছে মোহামেডান। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ১১ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান খেলোয়াড় টাইসন। অগাস্টিনের গোলে ১-১ অবস্থায় বিরতিতে যায় মোহামেডান। কিন্তু দ্বিতীয়ার্থে সেই মোহামেডান যেন ম্যাচ থেকে হারিয়ে যায়। ৬৬, ৭৬ ও ৯০ মিনিটে ইউসুফ, ডার্লিংটন, রনি গোল করে মুক্তিযোদ্ধাকে এনে দেন বড় জয়। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম এই জয়ে উদ্দীপ্ত। ঢাকা ফেরার পথে টেলিফোনে বলছিলেন, ‘আমাদের দল দর্শক সমর্থনে উজ্জীবিত ছিল। গোলের সুযোগ কাজে লাগাতে পেরেছি বলেই এত বড় জয় এসেছে।’