মোহামেডানকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি
মোহামেডানকে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি দিলেন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওবায়দুল করিম।গতকাল নবগঠিত মোহামেডান লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা হয়েছে স্থানীয় একটি হোটেলে। এরপর অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন নতুন চেয়ারম্যান।শিল্পপতি অরিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওবায়দুল করিম প্রথমেই বলেন, ‘আমি মোহামেডান পরিবারের সবাইকে এক হওয়ার আবেদন জানাই।’ এরপর যোগ করেন, ‘কেবল আর্থিকভাবে সচ্ছল নয়, মোহামেডানকে আন্তর্জাতিকভাবে বড় ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং দেশে এক নম্বর করে তুলতে একসঙ্গে কাজ করতে হবে।’গোটা ছয়েক মামলা হয়েছিল মোহামেডানের নির্বাচন ঘিরে। তাই বার কয়েক নির্বাচনপ্রক্রিয়া স্থগিত হয়েছে। ১৬ সদস্যের পরিচালনা পর্ষদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু এক পক্ষের দাবি, তারা সমঝোতার চেষ্টা করলেও সেটি হয়নি। ওই পক্ষে আছেন মোহামেডানের পরিচিত কয়েকজন সংগঠক। যেমন মাহবুবুল আনাম, বাদল রায়, সালাম মুর্শেদী, সাজেদ আদেল, মোস্তাকুর রহমান, আমিরুল ইসলাম (বাবু), ছাইদ হাসানসহ অনেকেই। যেকোনো কারণেই হোক, এই সংগঠকেরা মনোনয়নপত্র জমা দেননি। মাহবুবুল আনাম, সালাম মুর্শেদীরা মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেছেন।এই সংগঠকেরা কালকের সাধারণ সভায় ছিলেন না। আসেননি মোহামেডানের অনেক সাবেক খেলোয়াড়ই। নির্বাচিত পক্ষ বলেছে, কেউ না এলে তো কিছু করার নেই। তাঁরা অহেতুক গোঁ ধরেছেন এবং ক্লাবের এই পুনর্গঠন-প্রক্রিয়াকে সর্বাঙ্গীণ সুন্দর হতে দেননি। তবে তিনটি পরিচালক পদ শূন্য থাকায় সেগুলোয় কয়েকজন পরিচিত সংগঠককে দেখা যেতে পারে।কালকের সাধারণ সভায় ২১৩ জন সদস্যের মধ্যে ১২৭ জন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এ এম এম বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন বিদায়ী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সংকটময় একটা সময়ে মোহামেডানের দায়িত্ব নিয়ে তিনি একটা পরিচালনা পর্ষদের কাছে ক্ষমতা ছেড়ে গেলেন। এর মাধ্যমে মোহামেডান প্রবেশ করল নতুন যুগে।কীভাবে মোহামেডানকে এগিয়ে নিতে চান, প্রথম কাজ কী হবে, বাইরে থাকা সংগঠকদের কমিটিতে আনা হবে কি না—এমন নানা প্রশ্নের উত্তর দিলেন ওবায়দুল করিম। তাঁর কথার মূল সুর, ‘আমরা সবাইকে নিয়েই চলতে চাই। প্রথম কাজ হবে ফুটবল দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া। ২৪ সেপ্টেম্বর আমরা প্রথম বোর্ড সভায় করণীয় ঠিক করব।’বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা হলেন লোকমান হোসেন ভূঁইয়া, মোস্তফা কামাল, দীপক ভৌমিক, আনোয়ারুল হক (হেলাল), খন্দকার জামিলউদ্দিন, জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, আবদুর রব মাহবুব, কামরুন নাহার ডানা, মনজুরুল আলম, সারোয়ার হোসেন, কবির আহমেদ ভূঁইয়া, ফিরোজ কবির।