মোহামেডানকে ছাড়াই তো চলছে হকি!
ধারণা করা হয়েছিল, মোহামেডানকে বাদ দিয়ে ঘরোয়া খেলা চালাতে পারবে না হকি ফেডারেশন। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। হকির ঘরোয়া কার্যক্রম চলছে।
ফেডারেশনের একতরফা নির্বাচনে খাজা রহমতউল্লাহকে সাধারণ সম্পাদক পদে মানতে না পেরে ঘরোয়া হকি বর্জনের ঘোষণা দিয়েছিল মোহামেডানের নেতৃত্বাধীন ছয়টি দল। পরে সেই জোট থেকে ছুটে যায় অ্যাজাক্স ও ওয়ান্ডারার্স। মোহামেডান, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ারী এখনো বর্জন করেই চলেছে হকি।
হকির কোনো কার্যক্রম থেমে নেই মোহামেডানের জন্য। মোহামেডানও এখন চুপচাপ। আন্দোলন করে তারা আসলে খাজা রহমতউল্লাহকে একচুলও নড়াতে পারেনি। খাজা তাঁর কমিটি নিয়ে কদিন আগে বিজয় দিবস হকি আয়োজন করেছেন, যাতে আবাহনী, ঊষাসহ সাতটি দল খেলেছে। ৭ জানুয়ারি শুরু হচ্ছে ক্লাব কাপ হকি। আবাহনী, ঊষাসহ এই টুর্নামেন্টেও খেলছে সাত দল।
সেই ক্লাব কাপের সংবাদ সম্মেলন হলো কাল ফেডারেশনের সভাকক্ষে। তবে খাজা রহমতউল্লাহ ছিলেন না এই সংবাদ সম্মেলনে। সব প্রশ্নই হলো মোহামেডান জোটকে মাঠে ফেরানো নিয়ে। মোহামেডান ছাড়া ঘরোয়া হকি জৌলুশ হারাচ্ছে কি না, সেই জোটকে খেলায় আনতে ফেডারেশনের কোনো উদ্যোগ আছে কি না, ইত্যাদি।
এসব প্রশ্নের উত্তর সবারই জানা। মোহামেডানের মতো দলকে ছাড়া ঘরোয়া হকি একটু তো আকর্ষণ হারাচ্ছেই। তবে লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান বললেন, ‘ওদের আনতে তো আমরা চেষ্টা করেছি, না এলে কী করব? এমনিতেই খেলা মাঠে নামাতে দেরি হয়ে গেছে।’
কথা সত্য। ফেডারেশনের নির্বাচনী দ্বন্দ্বে গত বছরে খেলা হয়নি। এখন যে ক্লাব কাপ শুরু হচ্ছে, এটি গত বছরের টুর্নামেন্ট। ক্লাব কাপ ১৭-১৮ জানুয়ারির দিকে শেষ হলে দু-এক দিন বিরতি দিয়েই শুরু হয়ে যাবে গত বছরের লিগ, যা খেলোয়াড়দের রুজি-রোজগারের প্রধান অবলম্বন।
অনেক দেরিতে হলেও খেলা মাঠে নেমেছে, হকি অঙ্গনে একটু হলেও স্বস্তি ফিরেছে। তবে মোহামেডান-মেরিনার্সের মতো দল খেলায় ফিরলে সেটি হকির জন্যই ভালো হবে।
ক্লাব কাপের পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাংক। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য অর্থ পুরস্কার থাকছে, সেটি মাত্র ৩০ হাজার টাকা! আড়াই লাখ টাকার ক্লাব কাপে ঊষা, অ্যাজাক্স ও আজাদ খেলছে ‘ক’ গ্রুপে। ‘খ’-তে আছে আবাহনী, সোনালী ব্যাংক, সাধারণ বীমা ও ওয়ান্ডারার্স। প্রথম দিনে মওলানা ভাসানী স্টেডিয়ামে দুটি ম্যাচ। সোনালী ব্যাংক-বীমা, আবাহনী-ওয়ান্ডারার্স। গ্রুপভিত্তিক খেলার পর সেরা চার দল নিয়ে সেমিফাইনাল।
মোহামেডান জোটবিহীন লিগও যে এই সাতটি দলকে নিয়েই হবে, সেটিও মোটামুটি নিশ্চিত।