রুদ্ধশ্বাস উত্তেজনায় বঙ্গবন্ধু স্টেডিয়াম কাঁপছে। মোহামেডান-সমর্থকদের তখন দম বন্ধ হওয়ার জোগাড়। ৫৯ মিনিট পর্যন্ত যে ম্যাচটায় মোহামেডান ২-০ গোলে এগিয়ে, সেটি নির্ধারিত সময়ে কিনা ২-২! অতিরিক্ত সময়ে গোল নেই। এরপর এল টাইব্রেকারে। শেষ পর্যন্ত সেই টাইব্রেকারে দুটি শট আটকে নায়ক মোহামেডানের গোলরক্ষক মামুন খান। বিজেএমসির বিপক্ষে জয় এনে দিয়ে দলকে নিয়ে গেলেন ফেডারেশন কাপের শেষ চারে।নায়ক হতে পারতেন আমিনুলও। বিজেএমসির গোলরক্ষক টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছেন। দুটি গোল খেলেও অসাধারণ খেলেছেন ম্যাচে। কিন্তু সতীর্থরা শেষ ক্ষণে এসে তালগোল পাকিয়ে ফেললেন। বিজেএমসি টাইব্রেকারে তিনটি শট নিয়ে একটিও গোল করতে পারেনি।মোহামেডান টাইব্রেকারে চারটি শট নিয়ে গোল করেছে তিনটি। ওসমান, জিতু ও রবিন লক্ষ্যভেদ করেন। মারুফের শট আটকে দিয়েছেন আমিনুল। বিজেএমসির কিংসলে ও হেনরির শট মামুন খান প্রতিহত করেন, বাইরে মারেন রাশিদ।এটি যদি শেষ নাটকীয় দৃশ্য হয়, তাহলে নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষ ক্ষণে ছিল মহা নাটকীয়তা। অতিরিক্ত চার মিনিট সময় দেখিয়েছেন সহকারী রেফারি। মোহামেডান ২-১ গোলে এগিয়ে। গতবারের রানার্সআপ বিজেএমসিকে হারিয়ে দুই মৌসুম পর ফেড কাপের সেমিফাইনালে ওঠা তখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মোহামেডানের বুকে শেল হয়ে বিঁধল এলিটা কিংসলের দুর্দান্ত শটটা। বক্সের ওপর থেকে তীব্র গতির ওই শটে ম্যাচ নাটকীয়ভাবে ২-২!ম্যাচের শুরুটা ছিল মোহামেডানের। দ্বিতীয় মিনিটেই গোল! এরিসনের ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো ওলালেকানের আলতো টোকায় বল জালে। আগের তিনটি গ্রুপ ম্যাচে একটিও গোল না খাওয়া আমিনুল এবার হার মারলেন। একটু পরই ব্যবধান বাড়তে পারত, কিন্তু আমিনুল বাধা হয়ে দাঁড়ান। তবে বিরতির ঠিক আগে ২-০। গোল বাঁচাতেই পোস্ট ছেড়ে ছুটে আসা আমিনুলের সঙ্গে সংঘর্ষ হয় মরিসনের। রেফারি আজাদ রহমান পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ওলালেকানের গোল।মোহামেডান তখন হাওয়ায় উড়ছে। গত দুটি ফেড কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দুঃখ উধাও সমর্থকদের মন থেকে।কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র গেল পাল্টে। প্রথমার্ধের জড়তা কাটিয়ে এই অর্ধে দুর্বার বিজেএমসি। সেটির ফলও পেল তারা। ৫৭ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি বিজেএমসি। রাশিদের শটটা লাগল পোস্টে। তবে দুই মিনিট পরই সেই রাশিদই বিজেএমসিকে এনে দিলেন গোল। এরপর সেই কিংসলের গোলের নাটকীয় মুহূর্তটা। কিন্তু বিজেএমসির এই দুর্দান্ত ফিরে আসা বৃথা গেল টাইব্রেকার ব্যর্থতায়।