মোহামেডানকে টানছেন মরিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্সের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে লিগ শুরু। শেখ জামালের ম্যাচে গোল পাননি। শেখ রাসেলের বিপক্ষে এক গোল করে দলকে সাহায্য করেছেন ৩-১ গোলে জেতাতে। গত ম্যাচে শেষ মুহূর্তে গোল করে বিজেএমসির জয় ছিনতাই করে এনেছেন ১ পয়েন্ট। কাল আবারও সেই ওসেই মরিসন। আরামবাগের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল করে মোহামেডানকে এনে দিয়েছেন তিনটি পয়েন্ট।মোহামেডানের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ঘানার স্ট্রাইকার, এই পরিসংখ্যান সেটাই বলে। শুধু মোহামেডান কেন, বাংলাদেশ লিগে বাড়তি আকর্ষণও যোগ করছেন মরিসন। মোহামেডান ভালো করা মানে লিগ জমছে। সাদা-কালোদের তো সেভাবে লিগ লড়াইয়ে রাখা হয়নি শুরুতে। কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোই এগোচ্ছে সাইফুল বারীর দল।অবশ্য অসুস্থতার কারণে সাইফুল গত তিনটি ম্যাচে মাঠে আসতে পারেননি। তবে তাঁর নির্দেশনায় ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা তিনটি ম্যাচ চালিয়ে নিলেন ভালোই। এই তিন ম্যাচে এল ৭ পয়েন্ট। সব মিলিয়ে পাঁচ ম্যাচে মোহামেডানের তিন জয়, একটি করে হার ও ড্রয়ে ১০ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীরও ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শেখ জামালেরও সমান পয়েন্ট। তার মানে এখন পর্যন্ত মোহামেডানের যাত্রাপথ মসৃণই। তবে কাঁটা আছে সামনে। আবাহনীর বিপক্ষে ম্যাচ ২৮ ডিসেম্বর। কোনোমতে আবাহনীকে হারিয়ে দিতে পারলে মোহামেডান আরও সামনে যাবে। সেই লড়াইয়ের আগে নিজেদের আত্মবিশ্বাসটা কাল বাড়িয়ে নিল মোহামেডান।কাল মোহামেডান শুরুটা করেছিল বেশ ভালো। গোল পেতেও সময় লাগেনি। ১৬ মিনিটে স্বদেশি মোস্তফা ইব্রাহিমের বক্সে তুলে দেওয়া বল হেডে জালে পাঠান মরিসন। তারপর আরও কয়েকটি সুযোগ এসেছে মোহামেডানের জন্য। মরিসনই দুবার সুবিধাজনক জায়গা বল পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। একবার তো অবিশ্বাস্যভাবে বল বাইরে মেরেছেন। ব্যবধান বাড়াতে না পারার খেসারত দিতে হতে পারত মোহামেডানকে। কিন্তু আরামবাগ ভালো একটি সুযোগ পেয়েও নষ্ট করেছে। জটলার মধ্যে অনেকক্ষণ মোহামেডান বক্সে বল ঘুরছিল। শট নিতে খালেদ দেরি করেছেন। দলের সামর্থ্য অনুযায়ী ফেডারেশন কাপে বেশ আক্রমণাত্মক খেলেছিল মোহামেডান। ৩-৫-২ ফর্মেশনটাই বেশি অনুসরণ করেছেন কোচ। তবে কখনো কখনো চারজন ডিফেন্ডার নিয়ে নামায় মোহামেডানের খেলা অতটা ভালো হয়নি। তাদের শক্তি মূলত উইং প্লে। শরিফুল-সোহেল রানা, মোবারকের মতো দ্রুতগতির উইঙ্গার আছে। এঁদের ব্যবহারও করা হচ্ছে ভালোভাবে। কাল মোস্তফাও উইং দিয়ে উঠেছেন বেশ কবার।শেখ রাসেল যেমন নিচে থেকে খেলাটা তৈরি করে ওপরে ওঠে। এ কারণে তাদের বল পজেশনও বেশি থাকে। কিন্তু মোহামেডানের বল পজেশন রাসেলের মতো নয়। তার পরও এভাবে খেলেই মোহামেডান চোখ রাঙাচ্ছে বড় বাজেটের দলগুলোকে।আরামবাগ চার ম্যাচে জিতেছে এক ম্যাচ, পয়েন্ট মাত্র ৩। ব্রাদার্স টানা চার ম্যাচ হারায় আরামবাগ একটু ওপরে বটে, কিন্তু স্বস্তিতে নেই মোটেও।