মোহামেডানকে দুইয়ে নামাল রাসেল
ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হলো। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এটিকেই হয়তো সেরা পথ মনে করলেন আয়োজকেরা। ততক্ষণে মোহামেডান খেলোয়াড়েরা ঢুকে গেছেন ড্রেসিং রুমে। তবে উত্তেজিত সাদা-কালো গ্যালারির ইট-পাটকেল থেকে রেহাই মিললেও ড্রেসিংরুমে ঢোকার মুখে গালাগাল শুনতে হয়েছে অনেক। ওদিকে এই সন্ধ্যায় মোহামেডানকে ঠেকিয়ে একটা পয়েন্ট পাওয়ায় শেখ রাসেল খেলোয়াড়েরা ছিলেন আনন্দে আত্মহারা। দুই দলে ঠিক বিপরীত ছবি।সাদা-কালো সমর্থকদের ক্ষোভ, বুকোলা-এমেকা-জাহিদকে কেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হলো? এর উত্তর—কোচ তার দল কীভাবে সাজাবেন, একান্তই তাঁর সিদ্ধান্ত। তবে মোহামেডান কোচ মারুফুল হক তাঁর অন্যতম সেরা অস্ত্রগুলোকে বসিয়ে রেখে যে একাদশ নামালেন, সেই দল কিন্তু শেখ রাসেলের কাছে আটকে গেল। আর এতে ‘ক্ষতি’ হলো মোহামেডানেরই। নবম ম্যাচে এসে প্রথম পয়েন্ট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে তারা সুযোগ করে দিল এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার। ৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৭, সমান ম্যাচে মোহামেডানের ২৫, রাসেলের ২৩। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, শেখ রাসলের সঙ্গে টানা নবম ড্র করল মোহামেডান। পেশাদার লিগে ৫ বার, তার আগে ঢাকা লিগে ৪ বার। কেন রাসেলকে হারানো যাচ্ছে না তা নিয়ে এখন গবেষণা করতে পারে মোহামেডান। তবে কালকের ছবিটা বলে দিচ্ছে, এদিন নিজেদের ব্যর্থতা আর রাসেলের জমাট রক্ষণই জিততে দেয়নি মোহামেডানকে। দ্বিতীয়ার্ধে মোহামেডানের চাপের মুখে ভেঙে না পড়ার প্রতিজ্ঞায় অটল ছিল রাসেল। তবে প্রথমার্ধে মোহামেডান স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি) গোলরক্ষককে একা পেয়েও তাঁর গায়ে মেরে যেভাবে সুযোগ নষ্ট করছেন, তা এ পর্যায়ের ফুটবলে বেমানান। জাতীয় দলের জার্সি গায়ে টানা ৯ ম্যাচে গোল না পাওয়া জাহিদ হাসান হতাশই করলেন তাঁর দলকে। জাহিদের ওই শট গোলরক্ষকের পায়ে ফিরে আসার পর নাসিরের ফিরতি শটে গোললাইন থেকে বাঁচিয়েছেন রাসেল স্ট্রাইকার মোবারক। এমন সুযোগ নষ্ট হলে দল জিতবে কী করে?তবে প্রথমার্ধে মোহামেডান ছিল অনেকটা নিষ্প্রভ। মনেই হয়নি জেতার জন্য মাঠে নেমেছে। দ্বিতীয়ার্ধের প্রায় অর্ধেক সময় চলে যাওয়ার পরও গোল না আসায় নাসিরউদ্দিনের জায়গায় এমেকা এবং জাহিদ হাসানকে তুলে পাঠানো হলো বুকোলাকে। দুই ঘানাইয়ান আসার পর আক্রমণে গতি বাড়ল ঠিকই, গোলটা রয়ে গেল অধরাই।কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে স্ট্রাইকার নাসিরউদ্দিনকে খেলানো হয়েছিল ডিফেন্ডার হিসেবে। ক্লাব দলে ফিরে কাল তিনি আসল জায়গায়। জাতীয় দলের রাইট ব্যাক হিসেবে খেলে আসা নাসিরকে এদিন খেলানো হলো মাঝমাঠে। সমন্বয়ের অভাবটা তাই রয়েই গেল।রাসেল অত সমীকরণে যায়নি। মরক্কান স্ট্রাইকার সামির ওমারিকে ওপরে রেখে ঘর সামলানোর দিকেই তাদের নজরটা ছিল বেশি। গোলরক্ষক মামুন আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। রাসেল কোচ মাহমুদুল ইসলাম ম্যাচের পর বললেন, ‘জিতলে ভালো, না জিতলে হারব না। এটাই চেয়েছি আমরা।’রাসেলের হয়েছে লক্ষ্যপূরণ। আর মোহামেডানের জুটল সমর্থকদের বিরূপ অভ্যর্থনা। মোহামেডান: আমিনুল, নাসির, আরিফ, ওয়ালি, হাসান আল মামুন (জাহিদ), এমানুয়েল, আরমান, মামুনুল, নাসিরউদ্দিন (বুকোলা), জাহিদ হাসান (এমেকা), শাকিল।শেখ রাসেল: মামুন, কামাল, জহির, আমিনুল, রাকিব, আব্বাস ইনুসাহ, রাজন, মারুফ, মোবারক, মরো মোহাম্মদ, রনি।আজকের খেলা: রহমতগঞ্জ-শুকতারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৬টা)।