মোহামেডানকে হারাল আবাহনী
বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যে কাল কমলাপুর স্টেডিয়ামে অন্য ছবি। আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে বেশ ভীড়। অন্যদিন গ্যালারি খাঁ খাঁ করলেও ঢাকার দুই প্রধানের ম্যাচ দেখতে হাজার দুয়েক দর্শক এল। ম্যাচ শেষে আবাহনীর সমর্থকেরা ফিরল খুশি মনে। ম্যাচটা যে জিতল আবাহনী। অখ্যাত তরুণ আর বিদেশি খেলোয়াড়-নির্ভর মোহামেডানের এটা এই লিগে পঞ্চম হার। তবে মর্যাদার লড়াইয়ে অভিজ্ঞ আবাহনীর চেয়ে অনভিজ্ঞ মোহামেডানের দাপটই ছিল বেশি। ভাগ্যদেবী মুখ ফিরিয়ে না রাখলে স্কোর লাইনটা অন্য রকম হতে পারত। ২১ মিনিটে মোহামেডানের স্ট্রাইকার আনোয়ারের দারুণ শট ক্রসবারে লাগল। প্রথমার্ধে গোলশূন্য মোহামেডান দ্বিতীয়ার্ধেও গোলের আরেকটি সুযোগ পেল। কিন্তু ৫৩ মিনিটে আবাহনীর গোলরক্ষক সোহেলকে একা পেয়েও গোল করতে পারেননি নাইজেরিয়ার স্ট্রাইকার এমেকা। উল্টো মোহামেডান গোল খেল ৬৫ মিনিটে। প্রায় ৩০ গজ দূর থেকে ঘানার স্টাইকার ফ্রাঙ্কের দুর্দান্ত শট বাঁক খেয়ে ঢোকে মোহামেডানের জালে (১-০)। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম অবশ্য হেরেও অখুশি নন, ‘আবাহনীর সঙ্গে ছেলেরা অসাধারণ খেলল। বিদেশিদের টাকা-পয়সা নিয়ে সমস্যা চলছে। যে জন্য ওরা খেলতে চাইছিল না এই ম্যাচ। শেষ পর্যন্ত ওরা নেমে বেশ ভালো খেলেছে।’ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি আর কী বলবেন, তিনি তো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আবাহনীর সঙ্গে তাঁর ছয় মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ সপ্তাহেই। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের (রুপু) দাবি, ‘কোচ দেশে যাচ্ছেন তাঁদের একটা উৎসবে যোগ দিতে। ২৫-২৬ মার্চ তাঁর ফিরে আসার কথা।’ এই ম্যাচ দিয়ে দুদলই শেষ করল বাংলাদেশ লিগের প্রথম পর্ব। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আবাহনী। ১০ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৩, তারা দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোহামেডান। কাল কক্সবাজারে শেখ রাসেল হারতে হারতে ড্র (১-১) করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় মাসুদের গোলে। এরপর ৮৪ মিনিটে ১-১ করেন শেখ রাসেলের চার্লস। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট শেখ রাসেলের। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনী: সোহেল, লিঙ্কন, সামাদ, আমিনু, প্রাণতোষ, সিরাজী, মামুন, আবুল (রবিন), ইব্রাহিম, রনি, ফ্রাঙ্ক।ঢাকা মোহামেডান: টিটু, হাসান আল মামুন, আনোয়ার, এমেকা ক্রিস্টিয়ান, ইসমাইল, লিটন, আমানি, রনি ইসলাম, শরীফ (কবির/ সোহেল রানা), রমজান, ইয়াসিন।