মোহামেডানকে ‘কাছে টানল’ আবাহনী
৩ পয়েন্ট বেশি নিয়ে সুপার লিগ শুরু করেছিল আবাহনী। কিন্তু সুপার লিগের প্রথম দিনেই মোহামেডানের সঙ্গে ব্যবধানটা ১ পয়েন্টে নেমে এল। কাল মোহামেডান ১০৪ রানের বিশাল ব্যবধানে সিসিএসকে হারালেও বিমানের কাছে ১ উইকেটে হেরে গেছে আবাহনী।দিনের অন্য ম্যাচটা অদল-বদলই ঘটিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের তিন আর চার নম্বরে। ওল্ড ডিওএইচএসকে ৮ উইকেটে হারিয়ে গাজী ট্যাংক উঠে এসেছে তিনে। পয়েন্ট সমান (১৬) থাকলেও লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে জেতায় সুপার লিগে তিন নম্বর হয়ে উঠেছিল ওল্ড ডিওএইচএস।বগুড়ায় আবাহনীর ১৯০ রান তাড়া করতে নেমে ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বিমান। সেখান থেকে দলকে জেতানোর কৃতিত্ব ৪৫ বলে ৫৪ রান করা ডলার মাহমুদ একাই নিতে পারেন। এর আগে আবাহনীর ১৯০ রানের ইনিংসে ভারতীয় রেশমি রঞ্জনের ৪২ আর আলাউদ্দিনের ৫৭ রানই ছিল বলার মতো।বিকেএসপিতে ফয়সাল হোসেন (৬৩) ও অধিনায়ক খালেদ মাসুদের (৫৪) ফিফটিতে ২২০ রান তুলেছিল মোহামেডান। জবাবে ১১৬ রানে শেষ সিসিএসের ইনিংস। মোহামেডানের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেও কালই ঢাকায় পৌঁছা স্ত্রী সানিয়া মির্জাকে জানানোর মতো সাফল্য পেয়েছেন বল হাতে—১৫ রানে নিয়েছেন ৫ উইকেট।রাজশাহীতে ওল্ড ডিওএইচএসের ১৬৬ রানের জবাবে ২৫ ওভারেই ম্যাচ জিতে গেছে গাজী। ফিফটি করেছেন ওপেনার মোহাম্মদ মিঠুন ও আমির সাজ্জাদ।