মোহামেডানে আবারও অনুশীলন বর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ায় মোহামেডানের ফুটবলাররা আবারও গেলেন অনুশীলন বর্জনের পথে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবারই এই বড় দলটির স্থানীয় ও বিদেশি ফুটবলাররা অনুশীলন থেকে বিরত থেকেছেন। গত ২০ অক্টোবর ক্যাম্প শুরু করা হলেও কাল পর্যন্ত খেলোয়াড়েরা কোচ সাইফুল বারীর অধীনে অনুশীলনে নামেননি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক খেলোয়াড় জানিয়েছেন, ক্লাব নতুন মৌসুমের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেয়নি। আর এ জন্যই তাঁরা বলে দিয়েছেন, দলবদল কার্যক্রম শেষ করলে তবেই কোচের অধীনে অনুশীলনে নামবেন।
গতকাল আলাদাভাবে নিজেরা অনুশীলন করেছেন এমিলি, আরিফ, ওয়াহেদ, মিন্টু শেখ, তপু, সোহাগ, ইমন বাবুসহ আরও কয়েকজন। অন্য দলগুলোর মতো এখনো খেলোয়াড় নিবন্ধন করেনি মোহামেডান। মজার ব্যাপার, আর সব দলই তাদের সম্ভাব্য চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামলেও মোহামেডানেই শুধু ভিন্ন চিত্র।
এ ব্যাপারে ক্লাবের এক পরিচালক বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে বলেছেন, দলবদলের আনুষ্ঠানিকতা সারার আগে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি অনুযায়ী আর্থিক বিষয়টা নিষ্পত্তি করতে চান তাঁরা।