মোহামেডানে আসছেন পর্তুগিজ কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ, না পর্তুগিজ? সব ঠিকঠাক এগোলে এবার মোহামেডানে দেখা যাবে পর্তুগিজ কোচ রুই ক্যাপেলাকে। বাংলাদেশে তিনিই হবেন প্রথম পর্তুগিজ কোচ।
কবে এই কোচকে ঢাকায় দেখা যাবে? মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘পর্তুগিজ কোচই আমরা আনব। এটা আজ (কাল) চূড়ান্ত হয়েছে। তবে আর কিছু বলা যাবে না।’
ঐতিহ্যবাহী মোহামেডান সাফল্যের হাহাকার দূর করতে এবার বিদেশি কোচের দ্বারস্থ, এটা দলটির সমর্থকদের জন্য ভালো খবরই। তবে কোচ সম্পর্কে আর কোনো তথ্য দিতেই অপারগতা জানালেন লোকমান। ভিন্ন একটি সূত্রে পাওয়া তথ্য, ক্যাপেলা উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। পেরুর ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে কোচিং করানোর অভিজ্ঞতা আছে।
পর্তুগিজ কোচ এলে তিনি বসবেন সাইফুল বারীর শূন্য আসনে। মোহামেডানের দায়িত্ব ছেড়ে সাইফুল যোগ দিচ্ছেন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। তাই একজন বিদেশি কোচ আনা ছাড়া আর উপায় দেখল না মোহামেডান। তবে বিদেশি কোচ এসে নানা রকম চাহিদাপত্র পেশ করেন যুক্তিযুক্ত কারণেই। মোহামেডান কতটা পূরণ করতে পারবে, সেটিই হবে দেখার।