মোহামেডানে উৎসবের রং

ক্লাব চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে ছোপ ছোপ রং। পরশু রাতেই আনন্দের এই রং মাখিয়ে গেছে সমর্থকেরা। কালও দিনভর চলল রং খেলা। মোহামেডান যেন নানা রঙে রঙিন এক ক্লাব। সুপার কাপ ঘরে তোলার আনন্দে আত্মহারা সাদা-কালো পরিবার। এক ফাঁকে কাল সুপার কাপের ট্রফি নিয়ে ছবি তোলার হিড়িক পড়ল ক্লাব প্রাঙ্গণে।
২০০৯ সালে প্রথম সুপার কাপ জয়। দ্বিতীয় শিরোপাটি জিততে লাগল চার বছর। ছয়টি পেশাদার লিগে চলে গেল। মোহামেডানের কাছে আজও তা অধরা। শেষ তিনটি লিগে শিরোপা জেতার মতো দলও গড়া যায়নি। ফুটবল মাঠে সাফল্যের জন্য চাতক প্রতীক্ষায় থাকা মোহামেডানের কাছে এই সুপার কাপ ঠিক যেন তপ্ত রোদে একপশলা বৃষ্টি!
ক্লাব চত্বরে গোটা বিশেক টিভি ক্যামেরা। সংবাদমাধ্যম, ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক আর শুভানুধ্যায়ীদের গিজগিজে ভিড়ে কাল খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করা হলো সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে। শিরোপা জয়ের রাতেই ক্লাব কর্মকর্তারা বলছিলেন, চমক আছে।
সেই চমকটা দিলেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ‘আমরা ৫০ লাখ টাকা বোনাস দেব পুরো দলকে।’ এর মধ্যে ক্লাব সভাপতি ওবায়দুল করিম দিচ্ছেন ২৫ লাখ, বাকি ২৫ লাখ সুপার কাপের অর্থ পুরস্কার থেকে দেওয়া হচ্ছে। ফাইনালের নায়ক টাইব্রেকারে দুটি শট আটকানো গোলরক্ষক মামুন খানকে বাড়তি এক লাখ টাকা, টাইব্রেকারে জয়সূচক গোলদাতা ডিফেন্ডার মিন্টু শেখ, নির্ধারিত সময়ে সমতাসূচক গোলদাতা স্ট্রাইকার ওয়াহেদ ও টুর্নামেন্ট-সেরা মিডফিল্ডার মোবারক পাবেন বাড়তি ৫০ হাজার টাকা করে।
খেলোয়াড়েরা বোনাসের ঘোষণা শুনে খুশি। সবার চোখে-মুখে তৃপ্তির আভা। ফাইনালের নায়ক গোলরক্ষক মামুন খান বললেন, ‘ক্লাবকে এই সাফল্য দিতে পেরে ভীষণ ভালো লাগছে।’ সকালে কলকাতায় যাওয়ায় এই জয়োৎসবে শামিল হতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক ডিফেন্ডার রজনী। টুর্নামেন্ট-সেরা মোবারকও পারিবারিক প্রয়োজনে কালই নরসিংদীর গ্রামের বাড়ি গেছেন। তবে পুরস্কার হিসেবে পাওয়া তাঁর মোটরসাইকেলটা ক্লাবেই ছিল। সবারই নজর কাড়ছিল ওটা।
অনেক দিন পর মোহামেডান ক্লাবে এমন খুশির আবহ সমর্থকদের নতুন আশায় উজ্জীবিত করছে। লোকমান ভূঁইয়া বলছিলেন, ‘এই ট্রফিটা আমাদের ভীষণ দরকার ছিল। এখন আমরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করব। মোহামেডানের সামনে আরও ভালো করার প্রেরণা এই সুপার কাপ।’
আগামী মৌসুমের দল মোটামুটি তৈরি। এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই গড়ছে মোহামেডান।