মধ্যবর্তী দলবদলের রেওয়াজটা সম্প্রতি চালু হয়েছে বাংলাদেশের ফুটবলে। লিগের প্রথম পর্ব শেষে দলগুলো খেলোয়াড় তালিকায় আনতে পারছে রদবদল। এটা দলগুলোর কাছে নিজেদের ঘাঁটিতে পুষিয়ে নেওয়ার একটা সুযোগও। এবারের পেশাদার ফুটবল লিগের মধ্যবর্তী দলবদল শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে। চলবে ৩ মে পর্যন্ত।মধ্যবর্তী দলবদল মানে কোনো কোনো ক্লাবে বিদেশির হাট। মোহামেডান এরই মধ্যে ১২ জন নতুন বিদেশি এনেছে। নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, জাম্বিয়া, ক্যামেরুনের ফুটবলার আছেন এই তালিকায়। প্রথম পর্বে মোহামেডান তাদের শেষ ম্যাচ খেলবে ২৪ তারিখ। তারপরই এই খেলোয়াড়দের ট্রায়াল নেওয়া হবে। বর্তমানে যেসব নাইজেরিয়ান আছে তাঁদের মধ্যে স্ট্রাইকার উইলকক্সকে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। নতুন আসা খেলোয়াড়দের মধ্যে পছন্দ হলে তবেই নিবন্ধন।এবার বিদেশি খেলোয়াড় নিবন্ধন সাতজন। আবাহনী এর আগে ছয়জন নিবন্ধন করেছে। অসুস্থ হয়ে আমিনু চলে গেছেন দেশে। আবাহনীর কোটা খালি আছে দুটি। তারা ভালো বিদেশি পেলে হয়তো নেবে। তবে মোহামেডানের মতো অত তাড়া নেই আবাহনীর। মুক্তিযোদ্ধাও পছন্দনীয় বিদেশি পেলে এক-দুজন নিতে পারে। ট্রায়ালের জন্য বিদেশির হাট বসাচ্ছে না মুক্তিযোদ্ধা। শেখ রাসেল এরই মধ্যে তিনজন নতুন বিদেশি সই করিয়েছে। সেনেগালের একজন স্ট্রাইকার, ক্যামেরুনের একজন প্লে-মেকার, একই দেশের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। আরও একজন বিদেশি নেবে রাসেল। আগের খেলোয়াড়দের মধ্যে রাখা হচ্ছে আব্বাস, মরো ও বুকোলাকে। শেখ জামাল ট্রায়াল নিচ্ছে। প্রথম পর্বের শুধু ফরোয়ার্ড কেস্তারকে ছাড়া বাকিদের বিদায় দিয়েছে। নতুন ছয়জন নেওয়ার সুযোগ আছে শেখ জামালের। এখন পর্যন্ত প্রায় ১০ জনের বেশি ট্রায়াল দিয়েছে। তবে কাউকে নিশ্চিত করা হয়নি। আরও কয়েকজন আসবে। সবাইকে দেখেই চূড়ান্ত হবে।