মোহামেডানে ঐক্যের ডাক
এক মঞ্চে এলেন মোহামেডানের সাবেক খেলোয়াড়েরা। কাল ক্লাব প্রাঙ্গণে উপস্থিত জনা ত্রিশেক সাবেক খেলোয়াড়ের পক্ষ থেকে ‘ঐক্যবদ্ধ মোহামেডানের’ ডাক এসেছে। সম্প্রতি ক্লাবটি লিমিটেড কোম্পানি হওয়ার পর নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন গড়িয়েছে আদালতে। অবশ্য আদালতের আদেশে আপাতত নির্বাচন হতে বাধা নেই। নির্বাচন ও সাধারণ সভা ২৩ জুন।এ অবস্থায় নেতৃত্বপ্রত্যাশী কর্মকর্তারা বিভক্ত হয়ে পড়েছেন দুই শিবিরে। সংবাদ সম্মেলনে সাবেকদের অভিমত, ক্লাবকে সামনে এগিয়ে নিতে বিভক্তি দূর করা দরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাঁরা।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জহিরুল হক, জাকারিয়া পিন্টু, এ এস এম ফারুক, মাহবুব আনাম, বাদল রায়, সাজেদ আদেল প্রমুখ। উপস্থিত ছিলেন প্রতাপ শংকর হাজরা, নিজাম উদ্দিন, সালাম মুর্শেদী, মিনহাজুল আবেদীন, ইমতিয়াজ সুলতান, কায়সার হামিদ, শফিকুল ইসলাম, জসিমউদ্দিন জোসি, রুম্মন বিন ওয়ালি সাব্বির, কামরুন নাহার ডানাসহ আরও অনেকে।