মোহামেডানে খেলতে ঢাকায় মালিক
পাকিস্তানের বিশ্বকাপ দল যখন ঘোষিত হলো, শোয়েব মালিক তখন ঢাকায়। নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা না পাওয়ার পরই হয়তো বুঝে ফেলেছিলেন বিশ্বকাপ খেলা হচ্ছে না। কাল তাই চলে এসেছেন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে। বিমানের বিপক্ষে আজকের ম্যাচেই মাঠে নামবেন সাবেক পাকিস্তান অধিনায়ক।মঈন আলী ও মোহাম্মদ ইউসুফ চলে যাওয়ায় গত ম্যাচে একজন মাত্র বিদেশি (আজহার মেহমুদ) নিয়েই মাঠে নেমেছিল মোহামেডান। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে লজ্জাজনক হারের পর আজ আরেকটি বড় পরীক্ষা। মরিয়া মোহামেডান তাই শক্তি বাড়াল মালিককে এনে। দলের সমন্বয়ক তারিকুল ইসলাম জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে ঢাকায় আসতে পারেন মালিকের তারকা স্ত্রী সানিয়া মির্জাও। জোর লড়াই করেও অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জাস্টিন হেনিনের কাছে হেরেছেন সানিয়া। অস্ট্রেলিয়া থেকে সরাসরিই ঢাকায় আসার কথা তাঁর।