মোহামেডানে ডাচ অথবা পর্তুগিজ কোচ
সবকিছু ঠিক থাকলে একজন ডাচ অথবা পর্তুগিজ কোচ পেতে যাচ্ছে মোহামেডান। পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা উয়েফা প্রো-লাইন্সেধারী। বয়স পঞ্চাশের নিচে। এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। মাত্রই পেরুর প্রিমিয়ার লিগের এক ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করেছেন। এর আগে কাজ করেছেন পর্তুগালে। তবে ডাচ কোচ সম্পর্কে মোহামেডান সূত্র থেকে বিশদ জানা যায়নি।
মোহামেডানের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ মাসের মধ্যেই একজন ডাচ অথবা পর্তুগিজ কোচ আনবেন তাঁরা। দুজনের সঙ্গেই কথাবার্তা চলছে। সবই এখন পর্যন্ত ইতিবাচক। ওই কর্মকর্তার ভাষ্য, ভালো ইংরেজি জানা কোচকেই আনা হবে। ডাচ কোচের এমনিতেই ভালো ইংরেজি জানার কথা। এই পর্তুগিজ কোচও নাকি ইংরেজি জানেন।
মোহামেডানের প্রধান কোচ সাইফুল বারী জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের সহকারী হচ্ছেন। এবারের ফুটবল মৌসুমের শুরু থেকেই অসুস্থতা এবং আরও কিছু কারণে সাইফুল দলের সঙ্গে থেকেও আসলে নেই। মূল দায়িত্বটা পালন করছেন সহকারী কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা। কদিন আগে সাইফুল তাঁর সিদ্ধান্তের কথা মোহামেডান কর্মকর্তাদের জানানোর পরই আসলে বিদেশি কোচের সন্ধান শুরু।
আবাহনীর বিদায়ী কোচ অস্ট্রেলিয়ার নাথান হলের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছিল মোহামেডান, সেটি অবশ্য শেষ পর্যন্ত থেমে গেছে। অন্য একটি মাধ্যমে যোগাযোগ হয়েছিল জাতীয় দলের সাবেক আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে। ক্রুসিয়ানি মাসে চার হাজার ডলার পারিশ্রমিক চান। একই সঙ্গে আরও কিছু চাহিদা পেশ করেন। পরে ক্রুসিয়ানির ব্যাপারেও মোহামেডান কর্মকর্তারা আর আগ্রহ দেখাননি।
মোহামেডানে সর্বশেষ ২০১০ সালে বিদেশি কোচ হিসেবে কাজ করে গেছেন দলটির সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা ইউজিগো। তার পর থেকেই সাইফুল বারী প্রধান কোচের দায়িত্ব নেন। বর্তমানে প্রধান কোচহীন মোহামেডানের যা অবস্থা, তাতে একজন ভালো বিদেশি কোচ এনে দলটাকে এগিয়ে নেওয়ার জরুরি মানছেন কর্তারা।
ওদিকে দেশের আরেক প্রধান দল আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি শিগগিরই চলে আসছেন ঢাকায়। লিগ শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর। তার আগেই তৃতীয়বারের মতো আকাশি-নীল দলটির কোচ হচ্ছেন পোরমুসলিমি।
এবারের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লিগে ঘুরে দাঁড়াতে দুই দলই এখন বিদেশি কোচের শরণাপন্ন।