মোহামেডানে ডুবল জামাল-তরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামালের ট্রায়ালে এসেছিলেন বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার ঠিক আগে। কিন্তু তাঁকে পছন্দ করেনি জামাল। অগত্যা জামালের গোলরক্ষক কোচ মোহাম্মদ পনির তাঁকে পাঠালেন মোহামেডানে। যদি মোহামেডান কোচকে সন্তুষ্ট করে দলে ঢুকতে পারেন! সানডে সিজোবার অবেশেষে একটা গতি হলো। মোহামেডানে নাম লেখানোর সুযোগ পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার এবং সেটিকে এমনভাবে কাজে লাগালেন, মৌসুমের শেষ প্রান্তে সবই তাঁর কাছে রূপকথা-রূপকথা লাগার কথা! শেখ জামালের বিপক্ষেই যে কাল হ্যাটট্রিক করলেন! সুপার কাপ থেকে বিদায় নিয়ে ফেবারিট শেখ জামাল বুঝল, নামের ভারে দল গড়লেই হয় না, চাই অনুপ্রেরণা। সেটি কাল শেখ জামালের খেলোয়াড়দের শরীরের ভাষায় খুঁজে পাওয়া কঠিন ছিল। বেশির ভাগ খেলোয়াড়ই নতুন মৌসুমের নতুন দল বেছে নিয়েছেন। কাঁড়ি কাঁড়ি টাকা পকেটে। অন্যদিকে কিছুই না পাওয়া ভাঙাচোরা মোহামেডানের খেলোয়াড়দের প্রেরণাটা ঠিক উল্টো। হারাবার কিছু নেই, পাওয়ার আছে অনেক—এই মন্ত্র জপেই ‘অঘটন’ ঘটিয়ে দিল মোহামেডান। এমনই যে স্কোরলাইনটা দেখুন—মোহামেডান ৪: শেখ জামাল ২! একটা সময় তো সাদাকালোরা এগিয়ে ছিল ৩-০ গোলে! গতবারের সুপার কাপ চ্যাম্পিয়নরা সবাইকে অবাক করে উঠে গেল দ্বিতীয় সুপার কাপের ফাইনালে!শেখ জামালের জন্য এটা বড়সড় ব্যর্থতাই। পাতানো ম্যাচ খেলে বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হওয়ার অপবাদ দলটির গায়ে। সুপার কাপ জিতে যোগ্যতার প্রমাণ দেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু পরিস্থিতির কারণে দলের প্রতি সেই আকাঙ্ক্ষাটা শেখ জামাল খেলোয়াড়দের আর নেই বলে শোনা যায়। তারই প্রতিচ্ছবি যেন কালকের ম্যাচ। আমিনুলের মতো গোলরক্ষক অসহায়ের মতো চারটি গোল খেলেন। রোজা রেখে দুর্বল হয়ে পড়েছিলেন। দিনটা মাঠে ভালো যায়নি তাঁর। প্রথম গোলটা অবশ্য পেনাল্টি থেকে, যদিও আমিনুলের দাবি, ‘ওটা পেনাল্টি হয় না’। রেফারি নিয়ে ম্যাচের আগে হয়ে যাওয়া নাটকে ক্ষুব্ধ আমিনুল বলছিলেন, ‘রেফারির ওপর চাপ তৈরি করে ফলটা নিজেদের অনুকূলে নিয়ে নিল মোহামেডান। এটা নজিরবিহীন।’শেখ জামাল নিজেরাও নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে—এমিলি-এনামুল-জাহিদদের কালও দলের ঘোর বিপদে বসিয়েই রাখা হলো বেঞ্চে। জামালের রক্ষণ ছিল পুরোপুরি ছন্নছাড়া। মাঝমাঠ আক্রমণ তৈরিতে বেশির ভাগ সময়ই ছিল ব্যর্থ। আক্রমণে আফ্রিকানরা ম্রিয়মাণ। বাইরে কান পাতলেই শোনা যায়, শেখ জামালের দল নির্বাচন কোচ করেন না! তিনি হুকুম তামিল করেন শুধু। এ অবস্থায় ‘বিদেশিরা খারাপ করেছে বলেই আমাদের এই দুর্গতি’—বলছিলেন জামাল কোচ পাকির আলী। ১৬ মিনিটে পেনাল্টি দিয়ে জামালের পতন শুরু। তৌহিদুলকে বক্সে নাসির ফেলে দিলে পেনাল্টি থেকে সানডে ১-০ করলেন। ৩৬ মিনিটে আবার সেই নাসিরের দুর্বল রক্ষণকাজ। তাঁকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষক আমিনুলের মাথার ওপর দিয়ে ২-০ করে দিলেন সানডে। এবারের লিগে ষষ্ঠ হয়ে সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করা মোহামেডান আর পেছন ফিরে তাকায়নি। ৬৪ মিনিটে ৩-০ করে দিলেন ফেনী সকার থেকে ধারে মোহামেডানে আসা ফ্রান্সিস। তারপর ৬৯ ও ৭১ মিনিটে চোখের পলকে ম্যাচ ৩-২! লোগাবোগা ও পেনাল্টি থেকে সুজন গোল করে ম্যাচে অনেকটা ফেরালেন শেখ জামালকে। শেষ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করলেন সানডে। শেখ জামালকে বিদায় দিয়েছেন, এমন দিন সানডে ভুলতেই পারবেন না!