মোহামেডানে থামল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ০: ০ মোহামেডানওয়াহেদ সবার পর মাঠ ছাড়লেন কাঁদতে কাঁদতে। গোলরক্ষককে শেষ দিকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বল মেরেছেন বাইরে! মোহামেডানের বদলি এই তরুণ স্ট্রাইকার কালকের এই ব্যর্থতার জন্য নিজেই নিজেকে ক্ষমা করতে পারছেন না। ওই গোলটা হলে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাকে হারিয়ে দিতে পারত ক্ষয়িষ্ণু মোহামেডান! তবে যতটা হয়েছে, সেটিই বা কম কী! টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ লিগে উড়তে থাকা মুক্তিযোদ্ধাকে রুখে দেওয়া। সাদা-কালোর জন্য এটা জয়ের চেয়েও বেশি কিছু। আগের ম্যাচে শেখ রাসেলের কাছে তিন গোলে হারের লজ্জা কিছুটা ঘুচল এমেকার দলের। কাগজে-কলমে মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনাই হয় না এই মোহামেডানের। এটা জানেন বলেই মোহামেডান কোচ নিলেন একটা পয়েন্ট কেড়ে নেওয়ার কৌশল। ‘প্রতিপক্ষকে খেলতে দেব না’, ওদের খেলা নষ্ট করব’—এই কৌশল নিয়ে এমেকা সফলও। মোহামেডানের রক্ষণ সামলানোর দিকেই নজর দিয়েছে বেশি। আক্রমণে উঠতে চেয়েছে খুব হিসাব কষে। যে কয়েকবার গিয়েছে, গোল করার সুযোগও তৈরি করে ফেলেছে।মোহামেডানের কৌশলের কাছেই খাবি খেয়েছে মুক্তিযোদ্ধা। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। নামীদামি খেলোয়াড়েরা হতাশ করেছেন। স্ট্রাইকার মিঠুন চৌধুরী মৌসুমে এখন পর্যন্ত গোটা ছয়েক ম্যাচ খেলেও গোলহীন। আরেক স্ট্রাইকার এমিলি লিগের প্রথম দুই ম্যাচে তিন গোল পেয়েছেন। আবার নিষ্প্রভ। স্থানীয় এই তরুণদের ওপর দলের চাওয়া অনেক। কিন্তু মাঠে তাঁদের উপস্থিতি আর দশজন সাধারণ ফুটবলারের মতোই। তাই দলকে এদিন দিতে হলো মূল্য।তার ওপর মোহামেডান গোলরক্ষক হিমেল ভালো কিপিং করেছেন। তবে এ ম্যাচে একবার মুক্তিযোদ্ধা বল জড়িয়েছে মোহামেডানের জালে। ডিফেন্ডার আরিফুলের শট হিমেলের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। তবে সহকারী রেফারি অফসাইড ধরায় গোল দেওয়া হয়নি। এ নিয়ে কিছুক্ষণ হইচই হয়েছে। মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম ‘গোল বাতিল’ নিয়ে ক্ষুব্ধ। প্রতিপক্ষের কঠোর সমালোচনাও তাঁর মুখে, ‘ওরা নেগেটিভ ফুটবলার খেলার অপকৌশল নিয়েছে। এটা কি ফুটবল? মোহামেডান এমন নেগেটিভ খেলবে ভাবাই কঠিন।’শফিকুলকে পাল্টা তোপ দেগেছেন মোহামেডান কোচ এমেকা, ‘মুক্তিযোদ্ধার কোচের সব কোয়ালিটি খেলোয়াড়। আমার হাতে তা নেই। আমরা আমাদের ট্যাকটিকসে সফল। আমাদের সঙ্গে ড্র করে মুক্তিযোদ্ধার তো লজ্জা হওয়া উচিত।’ এই চাপানউতোর কাল বেশ জমে উঠেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রায় প্রতিদিনই শিরোপাপ্রত্যাশী দলগুলো পয়েন্ট হারাচ্ছে। সর্বশেষ ব্রাদার্সের সঙ্গে আবাহনীর ড্র, আরামবাগের কাছে শেখ জামালের তিন গোল হজম। কাল মুক্তিযোদ্ধাকে পয়েন্ট হারাতে বাধ্য করে মোহামেডান নিজেরাও একটু সোজা হয়ে দাঁড়াতে পারল!তবু পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখনো মুক্তিযোদ্ধাই শীর্ষে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া মোহামেডান পেল আত্মবিশ্বাসের জ্বালানি।মুক্তিযোদ্ধা: মোস্তাক, টিটু, ড্যামি, রাফায়েল, আরিফুল, শাকিল (কাঞ্চন), মামুনুল, লিমা, সানডে, এমিলি, মিঠুন (আলমগীর রানা)। মোহামেডান: হিমেল, রজনী (ওয়াহেদ), হাসান আল মামুন, চিবুইকি, মতিউর মুন্না (ইমন), ইয়াসিন, যোসেফ, সোহেল (ইসমাইল), ওচেন্দো, তপু, উইলকক্স।