মোহামেডানে ধরাশায়ী শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা জোরালো বিবৃতি দিল মোহামেডান ফুটবল দল। যেটির সার কথা, ‘আমাদের অবহেলার চোখে দেখো না।’মনকে কুয়াশায় ঢেকে শেখ রাসেল কোচ মারুফুল হক এলেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। মোহামেডানের কাছে ৩-১ গোলে হারের কাটাছেঁড়া যখন করছেন, তার একটু আগে একই স্থানে অন্যদের জন্য একটা সকর্তবার্তা দিয়ে গেলেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার অগাস্টিন সিজোবা, ‘আমরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। এবং সেই দিকেই যাত্রা করলাম আজ।’ম্যাচ শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে এক সাংবাদিকের মুঠোফোনে ম্যাচের ফল জেনে ওপ্রান্তের লোকটি বিস্মিত। বলো কী, ৩-১! মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে! ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসবক্সেই ম্যাচ দেখতে দেখতে স্তম্ভিত হয়ে বসে রইলেন শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী। উদাস দৃষ্টি, এটা কীভাবে সম্ভব! বিস্ময় যেন কাটছিলই না।৩-০ হওয়ার পর শেষলগ্নে এমিলি ৩-১ করলেন। তার আগেই ম্যাচ মোহামেডানের পকেটে। সাম্প্রতিক বছরগুলোয় সাদামাটা মোহামেডান, গত লিগে এই শেখ রাসেলের কাছেই উড়ে গেছে ৩ গোলে। অন্যদিকে এবারের ফেডারেশন কাপে দুবার মোহামেডানকে হারিয়েছে শেখ রাসেল। দ্বিতীয় সাক্ষাৎটা ছিল সেমিফাইনালে। শেষ পর্যন্ত যোগ্যতর দল হিসেবেই ফেডারেশন কাপ ঘরে তুলেছে রাসেল। কাগজ-কলমের সেরা দল শেখ রাসেলের ‘সুন্দর ফুটবল’ কোথায় যেন উধাও। বিজেএমসিকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে কাল দ্বিতীয় ম্যাচেই তাদের আগুন নিভে গেল।বিষণ্ন মনে মাঠ ছাড়লেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। লিগ সবে শুরু, ফিরে আসার অনেক সুযোগ যদিও আছে, তার পরও আত্মবিশ্বাসে এটা বড় ধাক্কাই দিয়েছে। শুরু থেকেই অসংখ্য ভুল করার মাশুল শুনে গোল খেতে থাকল শেখ রাসেল। রক্ষণকাজ ঠিকভাবে হয়নি। ভুল বোঝাবুঝি, বল ক্লিয়ার করতে দেরি, সবই দেখা গেছে রাসেলের রক্ষণে। উইং দিয়ে কার্যকর আক্রমণ হানতে পারেনি। অথচ প্রতি-আক্রমণে তাদের দুর্গ ভেঙে চুরমার হতে থাকল।মোহামেডান আঘাত করার আগেই নিজেরা গোলমুখ খুলে দিল। তৃতীয় মিনিটে বাঁ প্রান্ত ধরে রাসেলের বক্সে ঢুকে আলতো চিফ তুলেছিলেন মোহামেডানের উইঙ্গার শরিফুল। সেটিই গোলরক্ষক বিপ্লবের মাথার ওপর দিয়ে জালে। বিপ্লব জায়গায় দাঁড়িয়ে বলের দিকে হাত বাড়িয়েছিলেন, সম্ভবত তিনি বুঝতেই পারলেন না বল আশ্রয় নিচ্ছে জালে।সেই যে উজ্জীবিত মোহামেডান, তারপর আর পেছনে তাকাতে হয়নি। প্রধান কোচ সাইফুল বারী অসুস্থতায় মাঠে ছিলেন না। ভারপ্রাপ্ত হিসেবে জুয়েল রানার নির্দেশনা মেনেই ঘটল চিত্রনাট্য। ব্রাদার্সকে ৩ গোলে হারিয়ে শেখ জামালের কাছে ১-০ পরাজয় মোহামেডানকে কতটা তাতিয়ে তুলেছিল, এই ম্যাচে ‘শেখ রাসেল বধ’ প্রক্রিয়াটা তারই সাক্ষ্য দেয়।৭০ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার অগাস্টিন সিজোবা ২-০ করে দিলে ফিরে আসার পথ প্রায় রুদ্ধ হয়ে যায় শেখ রাসেলের। ডিফেন্ডার রেজাউলের গা-ছাড়া মনোভাবে গোলটার রাস্তা খুলে যায় অগাস্টিনের সামনে। বিপ্লবকে সুযোগ না দিয়ে তাঁর গড়ানো প্লেসিংয়ে বল জালে। ৮০ মিনিটে গোলরক্ষক বিপ্লব আর আব্বাস ইনুসার ভুল বোঝাবুঝির খেসারত তৃতীয় গোল। আলতো টোকায় সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মোহামেডানের ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন। এভাবে হঠাৎ নিম্নচাপে পড়ার কারণ কী? শেখ রাসেল কোচ মারুফুল হকের বক্তব্য, ‘আত্মতুষ্টি ও বাজে ডিফেন্সই বড় কারণ।’ তবে ফিরে আসার সংকল্প ব্যক্ত করেছেন তিনি। ওদিকে বড় দল শিকার করে আবেগের তরঙ্গ খেলে গেল মোহামেডান সমর্থকদের চোখমুখে। এমন দাপুটে জয় উদ্যাপন যে ভুলেই গিয়েছিল মোহামেডান!