মোহামেডানে শরীফ, ব্রাদার্সে বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের কাছ থেকে ৯ লাখ টাকা অগ্রিম নিয়ে যোগ দিয়েছেন মোহামেডানে। কাল সেই মোহাম্মদ শরীফের হাতেই তুলে দেওয়া হলো মোহামেডান ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব। মোহামেডান ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয় অধিনায়ক শরীফকে। দলের সহ-অধিনায়ক হয়েছেন হাসান আল মামুন। এঁদের সঙ্গে পাঁচ বিদেশি ফুটবলারের নামও ঘোষণা করা হয়েছে। গত মৌসুমে মোহামেডানে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকাকে এবারও দেখা যাবে সাদা-কালো জার্সিতে। এমেকার সঙ্গী তাঁর স্বদেশি ডিফেন্ডার লাকি, রুয়ান্ডার মিডফিল্ডার ইসমাইল আমানি ও ঘানার গোলরক্ষক এম হাসান।শরীফের ব্যাপারে গতকাল মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের ম্যানেজার আবদুস সাত্তার জানিয়েছেন, ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুরোধে ১০ দিন সময় দেওয়া হয়েছে শরীফকে। সময়সীমা প্রায় শেষের পথে। আমরা ভাবছি, টাকা না পেলে ওর বিরুদ্ধে মামলা করব।’ ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিশ্বাস বিল্ডার্স। দলটির এই মৌসুমের পৃষ্ঠপোষণা করবে ইমারত নির্মাণপ্রতিষ্ঠানটি। কাল ক্লাব ভবনে এক অনুষ্ঠানে ব্রাদার্সের কমলা রঙের জার্সি উন্মোচন করা হয়।