মোহামেডানে সানডের হাসি
দুটি পেনাল্টি হলো ঢাকা মোহামেডানের বিপক্ষে। দুটিতেই গোল করল ফেনী সকার। দ্বিতীয় পেনাল্টির পর যখন স্কোরলাইন ফেনীর অনুকূলে ২-১, লাল কার্ডে ১০ জনের দল মোহামেডান। এ অবস্থায় ড্র নিয়ে মাঠ ছাড়তে পারাই বড় প্রাপ্তি ছিল সাদা-কালোদের জন্য। কিন্তু পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তারা জিতল ৩-২ গোলে!মোহামেডানের তিনটি গোলই সানডে সিজোবার। নাইজেরিয়ান এই স্ট্রাইকারের এটি অষ্টম ম্যাচ। এর মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক হয়ে গেল তাঁর এবং সব মিলিয়ে গোল পেলেন ১১টি। ১৫ গোল নিয়ে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার জেমস মগাকে প্রায় ধরে ফেলেছেন সানডে।১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে আসাও মোহামেডানের জন্য কম নয়। দল গড়ার পেছনে এবার মোহামেডান কর্মকর্তাদের যে শ্রম ছিল, তাতে দলটা অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকলে অবাক হওয়ার ছিল না। কিন্তু সেটা অন্তত করতে হচ্ছে না মোহামেডানকে। যেমনটা ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওই লড়াই চালিয়ে যেতে হচ্ছে ফেনী সকারকে।জয়টা বেশি দরকার ছিল সকারের জন্য। এর জন্য ভালো রেফারিংয়ের প্রত্যাশাও ছিল তাদের। সেটি কতটা হয়েছে প্রশ্নসাপেক্ষ, তবে মোহামেডানের মতো দলের বিপক্ষে দুটি পেনাল্টি দেওয়া রেফারি ভরতচন্দ্র গৌড়ের সাহসেরই পরিচয়। যদিও প্রথম পেনাল্টি নিয়ে আপত্তি আছে মোহামেডানের। তবে মোহামেডানের পাওয়া প্রথম গোলটার সময় রেফারি ফাউল ধরতে পারতেন কি না, বিতর্ক আছে। শেষ দিকে সকার মোহামেডানের জালে বল ঢোকালেও গোলরক্ষকের সঙ্গে স্ট্রাইকারের ধাক্কা লাগার কারণ দেখিয়ে ফাউল ধরেছেন রেফারি। এটাও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। তবে আশার কথা, দুটি পেনাল্টি, একটি লাল কার্ড...এত কিছুর পরও কোনো দলই বিশৃঙ্খলাজনক কিছু করেনি। ফিফার এক রেফারি ইনস্ট্রাক্টর কাল মাঠে বসে খেলা দেখছিলেন, বিষয়টা নিশ্চয়ই ভালো লেগেছে তাঁর কাছে।৩৫ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কির পর সানডের টোকায় এগিয়ে যায় মোহামেডান। ৪২ মিনিটে মোহামেডান ডিফেন্ডার লিটনের হাতে বল লাগলে রেফারির দেওয়া পেনাল্টিতে ফ্রান্সিস ১-১ করেন। এরপর ৫৪ মিনিটে সেই লিটনই বক্সে ফ্রান্সিসকে ফেলে দিলে অবধারিত পেনাল্টি এবং লাল কার্ড দেখেন লিটন। পেনাল্টি থেকে ডোমিনিকের গোলে সকার এগিয়ে যায়। পরিকল্পিত আক্রমণ থেকে ৭৭ মিনিটে সানডের হেডে ২-২ এবং হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮১ মিনিটে।‘আমি গোল করিনি, সবই ঈশ্বরের কৃপা...ঈশ্বর চাইলে আগামী মৌসুম ইউরোপে খেলতে চাই’—দলকে তিন ম্যাচ পর জেতানোর উচ্ছ্বাসের মধ্যেই সানডের মুখে আশার ফানুস। একটু কি বেশিই বলে ফেললেন!