মোহামেডানে ‘ঐক্য’ এল কই!
নতুন আহ্বায়ক মনোনয়নের পর মোহামেডানে ঐক্য ফিরবে বলে আশাবাদী হয়েছিলেন অনেকে। পরশু ক্লাবের ফুটবল কোচ নিয়োগের অনুষ্ঠানটা নিশ্চয়ই তাদের নিরাশ করবে।শফিকুল ইসলাম মানিককে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল মোহামেডানের ফুটবল কমিটি। যাতে স্বাক্ষর করেন ফুটবল কমিটির প্রধান এম এ সালাম। তারই ভিত্তিতে শফিকুল ইসলামকে পরশু নিয়োগ দিয়েছেন আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। আর এই অনুষ্ঠানে ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ সালামই তাঁর অনুসারীদের নিয়ে গরহাজির! ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও আসেননি এই অনুষ্ঠানে।অনেক দিন ধরেই সাংগঠনিকভাবে বিধ্বস্ত মোহামেডান। এ অবস্থায় ক্লাবের শীর্ষ পদ থেকে ১৭ বছর পর সরে গেছেন মোসাদ্দেক আলী (ফালু)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদকে নতুন আহ্বায়ক করার পর সপ্তাহ না গড়াতেই ক্লাবের বিভাজন আবার প্রকাশ্যে চলে এল! মোহামেডানের ‘ঘুরে দাঁড়ানো’র পথে যা নেতিবাচক বিজ্ঞাপনই।ফুটবল কমিটির চেয়ারম্যানের কথায়ও এটাই প্রকাশ পাচ্ছে, ‘বিগত দিনে ফুটবল কমিটির প্রস্তাব অনুযায়ী কোচ নিয়োগ দিয়েছে নির্বাহী কমিটি। কিন্তু এবার নিজ ক্ষমতাবলে আহ্বায়ক একাই কোচ নিয়োগ দিয়ে দিয়েছেন। অনেকে বলছেন, যেহেতু ক্লাবের আহ্বায়ক কমিটির সভা আছে বুধবার (আজ), তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এক-দুই দিন পর এই নিয়োগ দিলে ভালো হতো।’মোহামেডানের কোচ নিয়োগের ব্যাপারটা নির্বাহী কমিটিতে অনুমোদন করতে হবে, এমন বাধ্যবাধকতার কথা নাকচ করে দিলেন কর্মকর্তা মোস্তাকুর রহমান, ‘এখন ক্লাব চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। ক্লাবের গঠনতন্ত্র স্থগিত আছে। কোচ নিয়োগের ক্ষেত্রে নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার দরকার আছে বলে মনে হয় না। সাব কমিটির সুপারিশের ভিত্তিতে বরাবরই কোচ নিয়োগ করেন ক্লাবের শীর্ষ ব্যক্তি। এবারও তা-ই হয়েছে। এতে দোষের কী হলো?’কুতুবউদ্দিন আহমেদের কথায়ও ‘দোষের কী হলো’ বাক্যটা আসছে ঘুরেফিরে, ‘ফুটবল কমিটিই কোচ হিসেবে মানিকের নাম সুপারিশ করে পাঠিয়েছে। কমিটির চেয়ারম্যান তাতে সই করেছেন। মানিককে কোচ করার জন্য আমার অনুমোদন চাওয়া হয়েছে জরুরি ভিত্তিতে। কারণ, হাতে সময় নেই। আমি অনুমোদন দিয়েছি। এতে সমস্যাটা কোথায় বুঝলাম না।’ক্লাবের অন্যতম কর্মকর্তা স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এতে একটা সমস্যা দেখছেন, ‘আহ্বায়ক কমিটিতে আলোচনা না করে আহ্বায়ক সাহেব একাই কোচের সঙ্গে চুক্তি করে ফেললেন, এটা তো গঠনতন্ত্রের লঙ্ঘন! আমরা কিছুই জানলাম না!’এটা অবশ্য গোপনীয় ছিল না—১৯ আগস্ট ফুটবল কমিটির সভায় মানিককে কোচ করার প্রস্তাব গৃহীত হয়। ফুটবল দল গঠনে তিন কোটি টাকার খসড়া বাজেট প্রণয়ন করে ফুটবল কমিটি ৫০ লাখ টাকা জোগান দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই সভায়।কয়েক বছর ধরে ফুটবল কোচ নিয়োগ নিয়ে মোহামেডানে নানা নাটক চলতে থাকায় ‘এ আর নতুন কী’ প্রশ্ন করতে পারেন অনেকে। ক্লাবে দু-তিনটি পক্ষ আছে এবং সব পক্ষ নিজ নিজ পছন্দ বাস্তবায়ন করতে চায় বলে এর যেন শেষ নেই, যার প্রভাব পড়ে কোচের কাজে। গত দুই মৌসুমে কোচ মারুফুল হক তো স্বস্তিতে কাজই করতে পারেননি ওই গ্রুপিংয়ের কারণে।এবার এক পক্ষ চাইছিল মানিককে ঠেকাতে জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাহীদুর রহমান সান্টুকে কোচ করতে। তারা ‘পরাজিত’ই হয়েছে শেষ পর্যন্ত।গত পরশুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনি, সাব্বির, ইলিয়াসসহ ফুটবল কমিটির কয়েকজন এলেও প্রায় ২৫ সদস্যের ফুটবল কমিটির বাকি কর্মকর্তারা ছিলেন অনুপস্থিত। ছিলেন না দীর্ঘদিনের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। মজার ব্যাপার হচ্ছে, গতবারের বেশির ভাগ খেলোয়াড় দল ছাড়ার পর তাঁরাই এতদিন নবীন ও অখ্যাত খেলোয়াড় খুঁজে বের করে দল দাঁড় করার চেষ্টা করছিলেন। অথচ তাঁরাই এখন আড়ালে চলে গেলেন। কেন? আমিরুল ইসলামের দাবি, ‘কোচ নিয়োগ নিয়ে আয়োজিত অনুষ্ঠানের ব্যাপারটা আমাকে কেউ জানায়নি। ইমতিয়াজ আহমেদের কথা, ‘আমি জানতাম না এ ব্যাপারে।’চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে কোচ নিয়োগ নিয়ে এসব নাটক আপনি শুনবেন না। গত তিনটি পেশাদার ফুটবল শিরোপা যে আকাশি-নীলের ঘরে গেছে—এতে তাই অবাক হওয়ার কিছু নেই।