মোহামেডানে ‘স্বাধীন’ গেরহার্ড
গেরহার্ড পিটার দাবি করলেন জাতীয় দলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেননি। কিন্তু দুই বছর পর মোহামেডানের দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা পাচ্ছেন এই জার্মান কোচ। মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ মনির বললেন, ‘আমাদের এখানে কাজের ক্ষেত্রে গেরহার্ড শতভাগ স্বাধীনতা পাবেন। দল নির্বাচন এবং অন্যান্য কোনো বিষয়ে ক্লাব থেকে কোনো চাপ দেওয়া হবে না।’ জাতীয় দলের কোচ হিসেবে গেরহার্ডের সাফল্য চোখে পড়ার মতো ছিল না। তার পরও কেন তাঁকে ক্লাবের কোচ হিসেবে বেছে নেওয়া? শফিউল্লাহর কথা, ‘ব্যক্তি গেরহার্ড নয়, তাঁর হাই প্রোফাইল কোচিং ক্যারিয়ারকেই আমরা প্রাধান্য দিয়েছি। আশা করি, মোহামেডানকে তিনি চ্যাম্পিয়ন করতে পারবেন।’ আপাতত দুই মাসের জন্য চুক্তি করা হয়েছে গেরহার্ডের সঙ্গে। ক্লাব কাপ ও লিগের পরই শেষ হবে এই চুক্তি। তবে মোহামেডান হকি দল নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে কর্মকর্তাদের। গেরহার্ডকে আনা এটির প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন তাঁরা। লিগ শেষ হলে আগামী আগস্টে কানাডা সফর করতে পারে মোহামেডান হকি দল। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচও খেলবেন রাসেল মাহমুদরা। এ ছাড়া জুনিয়র খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছে ক্লাবটি। গেরহার্ডের দায়িত্ব নেওয়া উপলক্ষে কাল ক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন শফিউল্লাহ মনির। উপস্থিত ছিলেন মোহামেডানের হকি দলের ম্যানেজার আরিফুল হক (প্রিন্স)।